মৃত্যুর মুখ থেকে ফিরে বদলে যান কাজল

শুটিং সেটে মাথার ওপর ভেঙে পড়েছিল বিশাল ক্রেন, অল্পের জন্য প্রাণে বাঁচেন দক্ষিণী অভিনেত্রী।

টুইট প্রতিবেদক: মৃত্যুকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা মানুষের জীবনবোধ বদলে দিতে পারে। ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়ালের জীবনেও তেমনই এক ভয়াবহ দুর্ঘটনা এনেছে বড় পরিবর্তন। ২০২০ সালে সিনেমার শুটিং সেটে বিশাল ক্রেন ভেঙে পড়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। সেই অভিজ্ঞতা এখনো গভীরভাবে নাড়া দেয় অভিনেত্রীকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই ভয়ংকর মুহূর্তের স্মৃতিচারণা করেছেন কাজল। তিনি জানান, কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান টু’ সিনেমার শুটিং চলাকালে ঘটে দুর্ঘটনাটি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটিতে চলছিল সিনেমাটির দৃশ্যধারণ।

সেদিন একটি বিশেষ দৃশ্যের জন্য প্রবীণ নারীর সাজে প্রস্তুত ছিলেন কাজল। শুটিংয়ের বিরতিতে সহকর্মীদের সঙ্গে দৃশ্য ধারণের পর্দার সামনে বসেছিলেন তিনি। হঠাৎ সেটজুড়ে শুরু হয় চিৎকার ও ছোটাছুটি। প্রাণ বাঁচাতে দৌড়াতে গিয়ে একটি টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান অভিনেত্রী।

এরপর পেছনে তাকিয়ে দেখতে পান, প্রায় ১০০ ফুট উঁচু একটি বিশাল ক্রেন তাঁর দিকেই ভেঙে পড়ছে। মুহূর্তের মধ্যে আতঙ্কে স্তব্ধ হয়ে যান তিনি। ঠিক সেই সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁকে টেনে নিরাপদ স্থানে সরিয়ে নেন। এর কয়েক মুহূর্ত পরই বিকট শব্দে তাঁর পাশেই আছড়ে পড়ে ক্রেনটি।

কাজল জানান, কী ঘটছিল, তা বুঝে ওঠার মতো পরিস্থিতিও ছিল না তখন। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি দীর্ঘদিন তাঁকে তাড়া করেছে।

এই ঘটনা তাঁর জীবন সম্পর্কে চিন্তাভাবনায় বড় পরিবর্তন আনে। জীবনের অনিশ্চয়তা ও ক্ষণস্থায়িত্ব নতুনভাবে উপলব্ধি করেন তিনি। একই সঙ্গে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়ে এবং শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস আরও গভীর হয়। জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দেওয়ার শিক্ষা পেয়েছেন বলেও জানান অভিনেত্রী।

উল্লেখ্য, দীর্ঘ অপেক্ষা ও নানা জটিলতা পেরিয়ে ২০২৪ সালে মুক্তি পায় ‘ইন্ডিয়ান টু’। তবে সিনেমাটি দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। অন্যদিকে শুটিং সেটের সেই দুর্ঘটনায় তিন কর্মীর প্রাণহানির ঘটনাও ছিল অত্যন্ত মর্মান্তিক। প্রাণঘাতী সেই দুর্ঘটনা থেকে ফিরে আসার স্মৃতি আজও কাজলের জীবনের অন্যতম গভীর অভিজ্ঞতা হয়ে রয়েছে।