অপহরণ করে অর্থ দাবি, সাবেক এএসপি বরখাস্ত

দিনাজপুরে স্ত্রী-ছেলেকে তুলে নিয়ে আটকে রাখার অভিযোগ; বিভাগীয় তদন্তে অসদাচরণ প্রমাণিত।

টুইট প্রতিবেদক: দিনাজপুরে এক ব্যক্তির স্ত্রী ও ছেলেকে অপহরণ করে আটকে রেখে মোবাইল ফোনে মোটা অঙ্কের অর্থ দাবির অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সারোয়ার কবীর সোহাগকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২১ সালে সংঘটিত এ ঘটনায় বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরে জারি করা এক প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুরে সিআইডির সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকাকালে সারোয়ার কবীর যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দিনাজপুরে যান। এ সময় ছুটিতে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হাসিনুর রহমান ও কনস্টেবল মো. আহসান-উল-ফারুককে সঙ্গে নিয়ে নিয়ম ও এখতিয়ারবহির্ভূতভাবে একটি অভিযোগ অনুসন্ধানের নামে অভিযান চালান।

ঘটনাটি ঘটে ২০২১ সালের ২৩ আগস্ট দিনাজপুরের চিরিরবন্দর এলাকায়। ওই দিন লুৎফর রহমানের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে একটি ব্যক্তিগত গাড়িতে তুলে নেওয়া হয়।

পরে ২৩ ও ২৪ আগস্ট তাদের দিনাজপুরের বিভিন্ন এলাকায় ঘোরানোর পর কোতোয়ালি থানা এলাকার মো. ফসিহ উল আলম পলাশের এক পরিচিত ব্যক্তির বাড়িতে আটকে রাখা হয়। সেখানে মুঠোফোনের মাধ্যমে তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় চিরিরবন্দর থানা-পুলিশ সারোয়ার কবীরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে। ২০২১ সালের ২৫ আগস্ট অপহরণ, চাঁদাবাজি, চুরি ও অনধিকার প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়।

ঘটনাটি জনমনে অসন্তোষ সৃষ্টি এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয় পুলিশ সদর দপ্তর। ২০২৪ সালের ১ জুলাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য বলছে, ২০২৫ সালের ২৯ জুলাই সারোয়ার কবীর অভিযোগের জবাব দিয়ে ব্যক্তিগত শুনানির আবেদন করেন। একই বছরের ২৬ নভেম্বর তার শুনানি অনুষ্ঠিত হয়। তবে তার বক্তব্য সন্তোষজনক না হওয়ায় অভিযোগ তদন্তে কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তকারী কর্মকর্তা ২০২৬ সালের ৭ জুন প্রতিবেদন জমা দেন। এতে তার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়।

এরপর চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত জানিয়ে গত ২৪ জুন তাকে দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তিনি কোনো জবাব দেননি। পরে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হলে গত ৮ অক্টোবর সংস্থাটি তাকে বরখাস্তের পক্ষে মত দেয়।

সর্বশেষ গত ৫ নভেম্বর নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি বরখাস্তের প্রস্তাবে অনুমোদন দেন। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী গুরুদণ্ড হিসেবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

পুলিশের একজন কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এবং দীর্ঘ বিভাগীয় প্রক্রিয়া শেষে বরখাস্তের সিদ্ধান্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব, ক্ষমতার সীমা ও জবাবদিহি নিয়ে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে।