নয় বছরের স্মৃতির ইতি, আবেগে ভাসলেন কাবিলা

‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং শেষ, পুরোনো দিনগুলোর স্মৃতিচারণে জিয়াউল হক পলাশ।

টুইট প্রতিবেদক: দীর্ঘ নয় বছরের পথচলার অবসান ঘটেছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিংয়ের মধ্য দিয়ে। দীর্ঘ এই সময়ে নাটকটির চরিত্র ও গল্প দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। শুটিং শেষ হওয়ার মুহূর্তে পুরোনো দিনের স্মৃতিচারণ করে আবেগঘন বার্তা দিয়েছেন কাবিলা চরিত্রে অভিনয় করা অভিনেতা জিয়াউল হক পলাশ।

কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সঙ্গে নিজের জীবনের দীর্ঘ একটি সময় জড়িয়ে থাকার কথা তুলে ধরেছেন পলাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন লেখায় তিনি জানিয়েছেন, এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে আছে তাঁর বেড়ে ওঠা, অসংখ্য আনন্দ-বেদনা এবং জীবনের নানা স্মৃতি।

পলাশ লেখেন, ‘এখান থেকেই সবকিছুর শুরু। এই রাস্তা, এই গাছতলা, চেনা বিকেলগুলোর সঙ্গে জড়িয়ে আছে কত কথা, কত হাসি আর কত না-বলা গল্প।’ তাঁর ভাষায়, সময়ের সঙ্গে ঋতু, মানুষ ও চারপাশের অনেক কিছু বদলে গেলেও ‘ব্যাচেলর পয়েন্ট’ ধীরে ধীরে বড় হয়েছে তাঁর চোখের সামনেই।

নয় বছরের এই যাত্রায় কখন যে নাটকের গল্পের সঙ্গে নিজের জীবনও জড়িয়ে গেছে, তা বুঝতে পারেননি বলে জানান তিনি। তাঁর কাছে এটি কেবল একটি নাটক নয়; বরং জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।

পলাশ আরও লেখেন, একটি গল্পের ভেতর মানুষ কতটা জীবন রেখে আসতে পারে, তা এই দীর্ঘ পথচলা তাঁকে বুঝিয়েছে। অসংখ্য সকাল, রাত, অভিমান, আনন্দ ও প্রিয় মানুষের মুখ মিলিয়ে কখন যে একটি নাটক নিজের জীবনের অংশ হয়ে ওঠে, তা অনুভব করাও কঠিন।

শুটিং শেষ হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেতা বলেন, এত বছরের স্মৃতি কোথায় জমা রাখবেন কিংবা এত বড় যাত্রার কথা কোন বাক্যে প্রকাশ করবেন, তা তাঁর জানা নেই। সবকিছুরই শেষ আছে, হয়তো ‘ব্যাচেলর পয়েন্ট’-এরও শেষ হলো। শুটিং শেষ হবে, মানুষ ফিরে যাবে, আলো নিভে যাবে; কিন্তু স্মৃতিগুলো থেকে যাবে।

শেষে পুরোনো সেই রাস্তা ও গাছতলার স্মৃতি তুলে ধরে পলাশ জানান, গল্পের সমাপ্তি ঘটলেও একদিন যে তরুণ ওই রাস্তায় দাঁড়িয়ে স্বপ্ন দেখেছিলেন, তিনি যেন আজও সেখানেই দাঁড়িয়ে আছেন।

দীর্ঘ নয় বছরের এই পথচলার সমাপ্তি তাই শুধু একটি ধারাবাহিকের শুটিং শেষ হওয়া নয়, সংশ্লিষ্ট শিল্পী ও দর্শকের কাছে আবেগময় এক অধ্যায়ের পরিসমাপ্তি।