নাকের অস্ত্রোপচারের কথা স্বীকার জাহ্নবীর

মা শ্রীদেবীর প্রভাবেই সৌন্দর্যচর্চা ও অভিনয় নিয়ে গড়ে উঠেছে অভিনেত্রীর দৃষ্টিভঙ্গি।
টুইট প্রতিবেদক: বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর নিজের নাকের অস্ত্রোপচারের কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। এত দিন বিষয়টি নিয়ে সরাসরি কথা না বললেও সম্প্রতি এক সাক্ষাৎকারে হাস্যরসের ছলে নিজের অস্ত্রোপচার এবং অভিনয়ে আসার পেছনের গল্প তুলে ধরেছেন তিনি। পাশাপাশি প্রয়াত মা শ্রীদেবীর সঙ্গে অভিনয়জগতে প্রবেশের সিদ্ধান্ত নিয়ে কথোপকথনের স্মৃতিও জানিয়েছেন অভিনেত্রী।
২০১৮ সালে শশাঙ্ক খৈতান পরিচালিত ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবীর। তবে চলচ্চিত্রে অভিনয়ের সিদ্ধান্তে শুরুতে খুব একটা সমর্থন দেননি তাঁর মা শ্রীদেবী। মেয়ে যেন তাঁর মতো অভিনয়জগতে না আসে, সেটিই চাইতেন এই প্রয়াত অভিনেত্রী। যদিও পরবর্তী সময়ে মেয়ের সিদ্ধান্ত মেনে নেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহ্নবী জানান, একদিন মাকে নিজের অভিনয়ে আসার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। প্রথমে অবাক হলেও পরে সম্মতি দিয়ে শ্রীদেবী বলেছিলেন, এই পেশায় আসতে হলে নিজের পুরো জীবনটাই অভিনয়ের জন্য উৎসর্গ করতে হবে।
মায়ের সেই প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনেই নিজের নাকের অস্ত্রোপচারের কথা জানান জাহ্নবী। মজা করে তিনি বলেন, আগে অভিনয়ে আসার বিষয়ে মা কিছুটা দ্বিধায় ছিলেন। তবে নাকের অস্ত্রোপচারের পরই সম্ভবত তাঁর মনে হয়েছিল, মেয়ের মধ্যে অভিনয়ের সম্ভাবনা রয়েছে।
জাহ্নবীর ভাষ্য, সৌন্দর্যচর্চা ও অস্ত্রোপচারের বিষয়গুলো তাঁর বেড়ে ওঠার অভিজ্ঞতার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। কারণ, তাঁর মা শ্রীদেবীও নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন।
অভিনেত্রীর মতে, মায়ের সেই সিদ্ধান্ত তাঁদের পারিবারিক জীবনে বড় পরিবর্তন এনেছিল। সৌন্দর্য সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠার ক্ষেত্রেও শ্রীদেবীর প্রভাব ছিল উল্লেখযোগ্য।






