রপ্তানি ঘোষণার আড়ালে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি

ঘোষণার বাইরে মিলেছে প্রায় ২ লাখ ২৪ হাজার পোশাক, তদন্ত ও মামলা দায়েরের প্রস্তুতি।

টুইট ডেস্ক: বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাপড়ের অবৈধ ব্যবহার এবং রপ্তানি ঘোষণার সঙ্গে পণ্যের অসংগতি দেখিয়ে দুই তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেড় কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকির প্রমাণ পেয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের আইসিডি কর্তৃপক্ষ। পৃথক দুটি অভিযানে প্রতিষ্ঠান দুটির চালান পরীক্ষা করে বিপুল পরিমাণ ঘোষণাবহির্ভূত পোশাক শনাক্ত করা হয়েছে।

অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি হলো ঢাকার সাভারের ঈগল টেক্সটাইলস এবং রিয়াজ নিটওয়্যার লিমিটেড। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, বন্ড সুবিধায় আমদানি করা কাপড় অবৈধভাবে সরিয়ে নেওয়ার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের রাজস্ব ফাঁকির পরিমাণ ১ কোটি ৫০ লাখ টাকার বেশি। এ ছাড়া একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ৯ লাখ টাকা মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির তথ্যও পাওয়া গেছে।

ঈগল টেক্সটাইলসের চালানে ১৪ ধরনের পোশাক

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমিশনারের নির্দেশনায় কাস্টমসের প্রতিরোধ দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে।

গত ১১ নভেম্বর দুপুর ১২টায় কিউএনএস কনটেইনার সার্ভিস লিমিটেডের অফডকে ঈগল টেক্সটাইলসের একটি রপ্তানি চালান শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। ঘোষণায় লেডিস শার্ট, মেনস শার্ট, লেডিস ট্রাউজার ও লেডিস ড্রেস, এই চার ধরনের পোশাকের মোট ২৩৭ কার্টুন থাকার কথা উল্লেখ ছিল।

কিন্তু পরীক্ষায় নিট ও ডেনিম কাপড়ে তৈরি ১৪ ধরনের মোট ১ লাখ ৭৩ হাজার ৩৪৯ পিস তৈরি পোশাক পাওয়া যায়। এসব পোশাক ২৩৭টি বস্তায় রাখা ছিল, যা রপ্তানি ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ ছাড়া বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) দেওয়া চালানে পোশাকের কাপড়ের গঠনেও অসংগতি পাওয়া যায়।

কাস্টমসের প্রাথমিক হিসাবে, বন্ড সুবিধায় আমদানি করা কাপড় অবৈধভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় ৮০ লাখ টাকার বেশি রাজস্ব ফাঁকির সংশ্লিষ্টতা রয়েছে। পাশাপাশি স্থানীয়ভাবে সংগৃহীত তৈরি পোশাকের বিপরীতে ৭ দশমিক ৫ শতাংশ হারে প্রযোজ্য মূসক পরিহারের পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।

রিয়াজ নিটওয়্যারের চালানেও অসংগতি

অন্যদিকে, গত ২৮ অক্টোবর বিকেল ৩টায় শফি মোটরস লিমিটেডের অফডকে রিয়াজ নিটওয়্যার লিমিটেডের একটি রপ্তানি চালান শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।

২৭ অক্টোবর দাখিল করা প্রতিষ্ঠানটির রপ্তানি বিলের ঘোষণায় এক ধরনের মেনস পোলো শার্টের ৬৮৭ কার্টুন থাকার কথা উল্লেখ ছিল। কিন্তু কাস্টমসের পরীক্ষায় নিট ও ডেনিম কাপড়ে তৈরি ৫০ ধরনের পোশাক পাওয়া যায়, যা ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।

কাস্টমসের প্রাথমিক হিসাব অনুযায়ী, বন্ড সুবিধায় আমদানি করা কাপড় অবৈধভাবে সরিয়ে নেওয়ার সঙ্গে জড়িত রাজস্ব ফাঁকির পরিমাণ ৭০ লাখ টাকার বেশি।

মামলা দায়েরের প্রস্তুতি চলছে

এনবিআর জানিয়েছে, দুটি ঘটনার চূড়ান্ত প্রতিবেদন তৈরির পাশাপাশি মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল নির্ধারিত রপ্তানিমুখী উৎপাদনে ব্যবহার না করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা সংশ্লিষ্ট নথিপত্র ও তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

রপ্তানিমুখী শিল্পের জন্য দেওয়া বন্ড সুবিধার অপব্যবহার রোধ এবং সরকারি রাজস্ব সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নজরদারি ও অভিযান অব্যাহত রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।