রাঙ্গুনিয়ায় পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৬

বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি, নিবন্ধনবিহীন চারটি মোটরসাইকেল জব্দ।
টুইট ডেস্ক: চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের সম্ভাব্য আস্তানা লক্ষ্য করে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় নিবন্ধনবিহীন চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার (১১ নভেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। জেলা পুলিশ ও ডিবির একাধিক দল অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, দক্ষিণ রাঙ্গুনিয়ার মোবারক টিলা, সৈয়দের খিল, কাইন্দার কুল, ভাল্লুকীয়া টিলা, মীরেরখীল ও ক্ষেত্রবাজারসহ বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি চালানো হয়। এ সময় পাহাড়ি এলাকার বসতবাড়ি, সন্দেহভাজন স্থাপনা এবং তালিকাভুক্ত সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য অবস্থানস্থলে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ছয়জনকে আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় কিংবা তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
পুলিশের ভাষ্য, দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতিকে কাজে লাগিয়ে অপরাধীরা যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলবাজি ও অবৈধ অস্ত্রের ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যেই এ অভিযান চালানো হয়েছে।
এ ছাড়া অপরাধীদের অবস্থান শনাক্ত এবং সম্ভাব্য আস্তানা চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাহাড়ি এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।






