শক্তিশালী সিন্ডিকেটের কবজায় নিলাম প্রক্রিয়া, পানির দামে বিক্রি শত কোটির সম্পদ

পানির দামে বিক্রি হচ্ছে শত কোটি টাকার সম্পদ। অসাধু কর্মকর্তা ও জালিয়াতির কারসাজি; চট্টগ্রামে জিম্মি আইনি প্রক্রিয়া।
নিজস্ব প্রতিবেদক: ঋণ খেলাপি কিংবা প্রতিযোগিতায় টিকতে না পারা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ নিলামে বিক্রি করে দেনা পরিশোধের ভালো উদ্যোগ এখন চরমভাবে প্রশ্নবিদ্ধ। চট্টগ্রামের একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে নিলাম প্রক্রিয়াকে জিম্মি করে রেখেছে। অসাধু ব্যাংক ও বেপজা কর্মকর্তার যোগসাজশে শত কোটি টাকার সম্পদ নামমাত্র মূল্যে হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
সিন্ডিকেটের কারসাজি ও ক্লিউইস্টন ট্রেডিংয়ের ঘটনা
২০১০ সালে সোনালী ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ১৫ কোটি টাকা ঋণ নিয়েছিল ‘ক্লিউইস্টন ট্রেডিং’। ওআর নিজাম আবাসিক এলাকায় পাঁচতলা ভবন বন্ধক রাখা হলেও, ব্যাংক কর্তৃপক্ষ নানা কৌশলে বিজ্ঞপ্তিতে সেটিকে ‘খালি জমি’ হিসেবে উপস্থাপন করে। পরবর্তীতে নানা জালিয়াতির মাধ্যমে মাত্র ৯ কোটি ৬০ লাখ টাকায় সর্বোচ্চ দরদাতা দেখিয়ে সম্পত্তি হস্তান্তরের সুপারিশ করা হয়। এই ঘটনায় প্রবাসী এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতির প্রমাণ মেলায় উচ্চ আদালত নিলাম কার্যক্রম স্থগিত করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
৭০ কোটি টাকার কারখানা বিক্রি মাত্র ১৮ কোটিতে
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) বন্ধ হওয়া পোশাক কারখানা ‘ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড’-এর প্রায় ৭০ কোটি টাকার বিনিয়োগ মাত্র ১৮ কোটি ৪৬ লাখ টাকায় নিলামে বিক্রি করে দিয়েছে বেপজা। কারখানার মালিকপক্ষের অভিযোগ, ভুয়া শ্রমিকের নামে বকেয়া বেতন ও বিভিন্ন খাতের ভুয়া ব্যয় দেখিয়ে বিক্রির পুরো টাকা নিজেদের মধ্যে ভাগবাঁটোয়ারা করে নেওয়া হয়েছে। সম্প্রতি বেপজা আরেকটি কারখানা নিলামে তোলার উদ্যোগ নিলে উচ্চ আদালত তাতেও নিষেধাজ্ঞা জারি করেন।
অর্থঋণ ও নিলাম প্রক্রিয়া নিয়ে কাজ করা আইনজীবীরা জানিয়েছেন, এই শক্তিশালী সিন্ডিকেটের কাছে ক্ষেত্রবিশেষে আদালত ও সংশ্লিষ্টরা অসহায় হয়ে পড়েন। আইনি ফাঁকফোকর গলিয়ে পানির দামে সম্পদ হাতিয়ে নেওয়ার এই চক্রের কারণে প্রান্তিক খামারি ও প্রকৃত ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মানবাধিকারকর্মী ও সিনিয়র আইনজীবীদের মতে, এই লুটের রাজত্ব বন্ধে সরকারের উচ্চ পর্যায় থেকে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ জরুরি।






