চট্টগ্রামে দুই এলজিসহ অস্ত্রধারী গ্রেপ্তার

সিটি গেটের বিশেষ চেকপোস্টে পুলিশের অভিযান, অস্ত্র আইনে মামলা।

টুইট প্রতিবেদক: চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজিসহ ওমর ফারুক (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) আকবরশাহ থানা-পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এ তথ্য জানায়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোছাইনের নেতৃত্বে পুলিশের একটি দল সিটি গেট এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওমর ফারুককে দুটি দেশীয় তৈরি এলজিসহ আটক করা হয়।

গ্রেপ্তার ওমর ফারুক নোয়াখালীর বেগমগঞ্জ থানার কৃষ্ণারামপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবুল আজাদ।

পুলিশ জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে আকবরশাহ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

চেকপোস্টে পুলিশের এ অভিযান নগরের নিরাপত্তা জোরদার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান তৎপরতার অংশ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।