অক্টোবরে সম্প্রসারণে ফিরল দেশের অর্থনীতি

টানা দুই মাস সংকোচনের পর পিএমআই বেড়ে ৫১.৮, চার খাতেই সম্প্রসারণের ইঙ্গিত।
টুইট প্রতিবেদক: টানা দুই মাস সংকোচনের পর অক্টোবরে সম্প্রসারণের ধারায় ফিরেছে দেশের অর্থনীতি। এ মাসে সার্বিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) আগের মাসের তুলনায় ৩ দশমিক ২ পয়েন্ট বেড়ে ৫১ দশমিক ৮ হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত অক্টোবরের প্রতিবেদনে এ তথ্য জানায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। পিএমআই ৫০-এর বেশি হলে অর্থনীতির সম্প্রসারণ এবং ৫০-এর নিচে হলে সংকোচন বোঝায়।
চার খাতের মধ্যে কৃষিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে। এ খাতের সূচক ৬ পয়েন্ট বেড়ে ৬১ দশমিক ২ হয়েছে। উৎপাদন খাতে ৬ দশমিক ১ পয়েন্ট বেড়ে ৫০ দশমিক ৯, নির্মাণে ২ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ৫১ এবং সেবায় ১ দশমিক ৩ পয়েন্ট বেড়ে ৫০ দশমিক ৩ হয়েছে।
তবে সূচক বাড়লেও উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে নতুন ব্যবসা ও কার্যক্রমের গতি এখনো দুর্বল। উৎপাদন খাতে নতুন আদেশ ও কারখানার উৎপাদন সংকোচনে রয়েছে। পাশাপাশি উচ্চ ব্যয় ও কাঁচামালের চাপও ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ হয়ে আছে।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম. মাশরুর রিয়াজের মতে, সূচকের উন্নতি ইতিবাচক হলেও অর্থনীতির পুনরুদ্ধার এখনো নাজুক। এ ধারা টেকসই করতে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ, মূলধনের সংকট নিরসন এবং ব্যবসায়িক ব্যয় নিয়ন্ত্রণ জরুরি।
প্রতিবেদনে চার খাতেই ভবিষ্যৎ ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে ইতিবাচক প্রত্যাশার কথা বলা হয়েছে। তবে এই প্রত্যাশা বাস্তব বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধিতে রূপ নেয় কি না, সেটিই এখন গুরুত্বপূর্ণ।






