সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

নির্মাণাধীন সেতুর বালুতে পিছলে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, নিহতদের একজন দশম শ্রেণির শিক্ষার্থী।
টুইট ডেস্ক: নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নির্মাণাধীন সেতুর কাছে সড়কে ছড়িয়ে থাকা বালুতে মোটরসাইকেলের চাকা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার কাঞ্চনপুর–চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শাহাদাত হোসেন (১৯), আব্দুল করিম (১৭) ও মো. শামীম (২০)। তাঁদের মধ্যে শাহাদাত পূর্ব চরবাটা ইউনিয়নের বেড়িবাঁধ এলাকার আদর্শ গ্রামের আবু তাহেরের ছেলে। করিম হাজী গ্রামের শিউলি একরাম বাজার এলাকার মো. কামালের ছেলে এবং শামীম চরবাটা ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে। করিম পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করিম তাঁর দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে কাঞ্চন বাজার থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে নির্মাণাধীন একটি সেতু থেকে নামার সময় সড়কে ছড়িয়ে থাকা বালুতে মোটরসাইকেলটির চাকা পিছলে যায়। এ সময় অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা খায়।
এতে তিন আরোহীই গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপরজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্মাণাধীন সেতুর আশপাশে সড়কে বালু ছড়িয়ে থাকা এবং দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর বিষয়টি এ দুর্ঘটনায় নতুন করে সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।






