বিমান বাহিনীর বেসিক জেট ও ফাইটার এবং হেলিকপ্টার কনভার্সন কোর্সের সনদ বিতরণ

৩৯ বৈমানিকের প্রশিক্ষণ সম্পন্ন, ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করলেন বিমান বাহিনী প্রধান।

টুইট ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনীর বেসিক জেট ও ফাইটার এবং বেসিক হেলিকপ্টার কনভার্সন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সম্পন্নকারী কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান প্রশিক্ষণ সম্পন্নকারী বৈমানিকদের অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, বেসিক কোর্সে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে তাঁদের উড্ডয়ন কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।

বিমান বাহিনী সূত্রে জানা যায়, এবারের বেসিক জেট ও ফাইটার এবং বেসিক হেলিকপ্টার কনভার্সন কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর মোট ৩৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ১৫ নম্বর স্কোয়াড্রনের ১৪ জন এবং ১৮ নম্বর স্কোয়াড্রনের ২৫ জন বৈমানিক সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন।

কে-৮ ডব্লিউ (K-8W) বিমান দিয়ে পরিচালিত বেসিক জেট ও ফাইটার কনভার্সন কোর্সে বৈমানিকদের যুদ্ধবিমান পরিচালনা ও সংশ্লিষ্ট রণকৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অন্যদিকে, বেল-২০৬ এবং এডব্লিউ-১১৯ হেলিকপ্টারের মাধ্যমে বেসিক হেলিকপ্টার কনভার্সন কোর্সে হেলিকপ্টার পরিচালনার বিভিন্ন কৌশল ও দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়।

এদিকে, একই সফরে বিমান বাহিনী প্রধান ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-এ নবনির্মিত ক্ষুদ্রাস্ত্রের ফায়ারিং রেঞ্জ (Small Arms Firing Range) উদ্বোধন করেন।