উত্তরায় আ. লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

পৃথক অভিযানে উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে আটক; দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

টুইট প্রতিবেদক: রাজধানীর উত্তরায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উত্তরা পশ্চিম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের উত্তরা পূর্ব থানার সাবেক সাংগঠনিক সম্পাদক নান্নু শেখ (৪০), পটুয়াখালী জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হীরা (২৭) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রামাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত খান (৬৪)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে উত্তরা ১২ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে সালাউদ্দিন খান হীরাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একাধিক মামলা রয়েছে।

একই দিন বিকেল ৫টা ৪৫ মিনিটে উত্তরা ৩ নম্বর সেক্টরের আজমপুর আমীর কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে নান্নু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাত ৭টা ৪৫ মিনিটে একই সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসার সামনে থেকে শাহাদাত খানকে আটক করা হয়। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা রয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নান্নু শেখ ও সালাউদ্দিন খান হীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন ষড়যন্ত্রমূলক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অংশ নিতেন। এসব কর্মকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করতেন বলে পুলিশের দাবি।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।