গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের তিন সাংবাদিক

চীন–বাংলাদেশ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনটি পৃথক বিভাগে এ পুরস্কার অর্জন করেন তারা।

টুইট প্রতিবেদক: চীন–বাংলাদেশ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ-২০২৬’ পেয়েছেন ঢাকা পোস্টের তিন সাংবাদিক।

পুরস্কারপ্রাপ্তরা হলেন ঢাকা পোস্টের বিশেষ প্রতিবেদক এফ এম আবদুর রহমান মাসুম, জ্যেষ্ঠ প্রতিবেদক শাহাদাত হোসেন (রাকিব) এবং হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনটি পৃথক বিভাগে পুরস্কার অর্জন করেন ঢাকা পোস্টের এই সাংবাদিকেরা। কূটনীতি ও অর্থনীতি বিভাগে চীন, বাংলাদেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতাবিষয়ক প্রতিবেদনের জন্য দ্বিতীয় পুরস্কার পেয়েছেন এফ এম আবদুর রহমান মাসুম।

সংস্কৃতি, ক্রীড়া, পর্যটন ও অন্যান্য বিভাগে সাংস্কৃতিক বিনিময়, ক্রীড়া, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে সাংবাদিকতার অবদানের জন্য তৃতীয় পুরস্কার অর্জন করেছেন শাহাদাত হোসেন (রাকিব)।

অন্যদিকে, আলোকচিত্র, প্রামাণ্যচিত্র ও বহুমাধ্যমভিত্তিক বিষয়বস্তু বিভাগে চীন–বাংলাদেশ সম্পর্কের গুরুত্বপূর্ণ মুহূর্ত, উন্নয়ন ও মানবিক গল্প তুলে ধরার স্বীকৃতি হিসেবে তৃতীয় পুরস্কার পেয়েছেন আরিফুল ইসলাম আরমান।

চীন–বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা নিয়ে মানসম্মত সাংবাদিকতাকে উৎসাহিত করতে দ্বিতীয়বারের মতো এ পুরস্কারের আয়োজন করা হয়। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গত ১০ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এতে বাংলাদেশে নিবন্ধিত গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র নির্মাতা ও বহুমাধ্যমভিত্তিক বিষয়বস্তু নির্মাতারা অংশ নেন। গত বছরের ১ অক্টোবর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত প্রতিবেদন ও নির্মিত বিষয়বস্তু প্রতিযোগিতার জন্য জমা দেওয়ার সুযোগ ছিল।

আয়োজনের যৌথ উদ্যোক্তা ছিল বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ইকোনমিক রিপোর্টার্স ফোরামসহ দেশের ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাব।

এ ছাড়া সহ-আয়োজক হিসেবে দায়িত্ব পালন করে আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার, বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানগুলোর সংগঠন এবং বাংলাদেশে প্রবাসী চীনা সংগঠন।

ঢাকা পোস্টের তিন সাংবাদিকের এ অর্জন চীন–বাংলাদেশ সম্পর্ক নিয়ে অনুসন্ধানী, তথ্যনির্ভর ও সৃজনশীল সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।