ব্রিটিশ বৈদ্যুতিক গাড়িতে ১০% শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করতে যাচ্ছে ইইউ

আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হতে যাওয়া কঠোর রুলস অব অরিজিন বা স্থানীয় উপাদান ব্যবহারের শর্ত পিছিয়ে দেওয়ার বিষয়ে শিল্পখাতের সাথে আলোচনা করছে ব্রাসেলস; বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে বাঁচবে গাড়ি নির্মাতারা।

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য থেকে আমদানিকৃত বৈদ্যুতিক গাড়ির (ইভি) ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (FT) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। মূলত আগামী ১ জানুয়ারি (২০২৭) থেকে অধিকাংশ বৈদ্যুতিক গাড়ির ওপর এই শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, শুল্ক আরোপের এই সময়সীমা পিছিয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে বর্তমানে ইউরোপের গাড়ি শিল্পখাতের অংশীজনদের সাথে আলোচনা করছে ব্রাসেলস। ইউরোপীয় কমিশনের এই প্রস্তাবে সরাসরি এক বছরের জন্য শুল্ক স্থগিত রাখা অথবা দুই বছরের একটি বিশেষ পরিকল্পনার কথা ভাবা হচ্ছে, যেখানে নির্মাতারা স্থানীয় ব্যাটারির শর্ত পূরণ না করা রপ্তানিযোগ্য গাড়ির বিপরীতে অভ্যন্তরীণ বাজারে বিক্রি হওয়া শর্তপূরণকারী গাড়ির সমন্বয় করার সুযোগ পাবেন। আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য ইইউ-যুক্তরাজ্য শীর্ষ সম্মেলনের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ও চূড়ান্ত আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

ব্রেক্সিট-পরবর্তী শর্ত ও শুল্কের জটিলতা

ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তি অনুযায়ী, যুক্তরাজ্য ও ইইউ-এর মধ্যে শূন্য শুল্কে বৈদ্যুতিক গাড়ি বাণিজ্যের ক্ষেত্রে ‘রুলস অব অরিজিন’ বা স্থানীয় উৎস সংক্রান্ত কিছু কঠোর শর্ত রয়েছে। এই নিয়ম অনুযায়ী- একটি বৈদ্যুতিক গাড়ির মোট মূল্যের অন্তত ৫৫ শতাংশ ইইউ বা যুক্তরাজ্য থেকে আসতে হবে। এবং ব্যাটারি সেল এবং মডিউলের ক্ষেত্রে এই হার কমপক্ষে ৬৫ শতাংশ হতে হবে। এছাড়াও পুরো ব্যাটারি প্যাকের ক্ষেত্রে স্থানীয় মূল্যের অংশীদারত্ব অন্তত ৭০ শতাংশ হওয়া বাধ্যতামূলক।

যেসব গাড়ি এই শর্ত পূরণে ব্যর্থ হবে, সেগুলোর ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক প্রযোজ্য হবে। এর আগে ২০২৩ সালের শেষ দিকে ইইউ এই কঠোর নিয়ম কার্যকর করার সময়সীমা তিন বছরের জন্য পিছিয়ে দিয়েছিল, যার মেয়াদ আগামী জানুয়ারিতে শেষ হতে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, এই শুল্ক কার্যকর হলে ইইউ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য হওয়া প্রায় ৭০ শতাংশ ব্যাটারিচালিত এবং প্লাগ-ইন হাইব্রিড গাড়ি ১০ শতাংশ শুল্কের কবলে পড়ত।

শিল্পখাতের উদ্বেগ ও বাণিজ্যিক গুরুত্ব

যুক্তরাজ্যের প্রধান গাড়ি নির্মাতা লবি গ্রুপ ‘সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ট্রেডার্স’ (SMMT) গত জুনে সতর্ক করে বলেছিল, স্থানীয় উপাদান ব্যবহারের শর্ত শিথিল না করা হলে বৈদ্যুতিক গাড়ি নির্মাতাদের প্রায় ১.৪ বিলিয়ন পাউন্ড (প্রায় ১.৮৬ বিলিয়ন মার্কিন ডলার) শুল্ক গুনতে হবে।

সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, ২০১৭ সাল থেকে ব্যাটারি ও ইভি খাতে বিপুল বিনিয়োগ সত্ত্বেও যুক্তরাজ্যের গাড়ি শিল্প এখনো তাদের ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারির প্রায় দুই-তৃতীয়াংশ আমদানি করে থাকে।

উল্লেখ্য, যুক্তরাজ্য ও ইইউ একে অপরের বৈদ্যুতিক গাড়ির বৃহত্তম রপ্তানি বাজার। যুক্তরাজ্যের মোট গাড়ি রপ্তানির ৬০ শতাংশ যায় ইইউ-তে এবং ইইউ-এর মোট রপ্তানির ৩০ শতাংশের গন্তব্য যুক্তরাজ্য। উভয় পক্ষই ২০৩০-এর দশকের মধ্যে জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ি পর্যায়ক্রমে বন্ধ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

তবে ইউরোপীয় রাসায়নিক শিল্পখাত এই শুল্ক স্থগিতের বিরোধিতা করে লবিং চালিয়ে যাচ্ছে। তাদের আশঙ্কা, শুল্ক পেছানো হলে ইউরোপে উৎপাদিত ব্যাটারি উপকরণের চাহিদা কমে যাবে। এ বিষয়ে ইউরোপীয় কমিশন বা যুক্তরাজ্যের বাণিজ্য বিভাগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।