এডেনে সৌদি সামরিক কমান্ড সেন্টারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

আল-বুরাইকায় অবস্থিত কমান্ড সেন্টার ও অপারেশন রুমে সরাসরি আঘাতের দাবি; বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার নিন্দা ইয়েমেনি সরকারের
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের বন্দরনগরী এডেনে অবস্থিত সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ সামরিক কমান্ড সেন্টার ও অপারেশন রুমে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী।
বুধবার (১১ নভেম্বর) রাতে এডেনের আল-বুরাইকা (Al-Buraika) এলাকায় এই হামলা চালানো হয়।
হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেন। তিনি দাবি করেন, আল-বুরাইকার ওই সামরিক কেন্দ্রটি লাহিজ, আল-দালি এবং তাইজসহ বেশ কয়েকটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে সৌদি বাহিনীর সামরিক সহায়তা ও অভিযান তদারকির দায়িত্বে ছিল। ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও স্থানীয় নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, বুধবার রাতে এডেনে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আল-বুরাইকার জোট-সমর্থিত সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এডেনের এই কেন্দ্র ছাড়াও লাহিজ, আল-জাওফ ও মারিব প্রদেশে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে পৃথক হামলা চালানোর দাবি করেছে হুথিরা। পাশাপাশি সৌদি আরবের ভেতরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ইয়ানবুর ১১ নম্বর তেল পাম্পিং স্টেশনে ড্রোন হামলার দাবিও করেছে গোষ্ঠীটি।
সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকার এডেনে চালানো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনের তথ্যমন্ত্রী সালেম আল-আওয়ালকি বলেন, “এটি বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা এবং নিরপরাধ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির হুথিদের পুরোনো অভ্যাসেরই প্রতিফলন।”
এদিকে, আল-বুরাইকার কমান্ড সেন্টারে সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছে, তারা রিয়াদের দিকে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং মক্কা ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঠানো ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করেছে। অন্যদিকে, মক্কায় হামলার অভিযোগ সরাসরি নাকচ করে দিয়ে ইয়াহিয়া সারি একে সৌদি পক্ষের ‘বানোয়াট প্রচারণা’ বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় তাইজসহ ইয়েমেনের ছয়টি প্রদেশে সৌদি বাহিনীর ৯৩টি বিমান হামলার জবাবে এই পাল্টা অভিযান চালানো হয়েছে বলে হুথিদের পক্ষ থেকে জানানো হয়েছে। স্বাধীন কোনো সূত্র থেকে এখন পর্যন্ত উভয় পক্ষের ক্ষয়ক্ষতি ও হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।







