বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের ওজিএম ও নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে নতুন কমিটি

২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে মো. মুজিবুর রশিদ এবং সেক্রেটারি পদে দৌলতুল কবির খান সিদ্দিকী নির্বাচিত; তৃণমূল পর্যায়ে মানবিক কার্যক্রম জোরদারের আহ্বান
বান্দরবান প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের বিশেষ সাধারণ সভা (ওজিএম) এবং ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বান্দরবানের মেঘলাস্থ রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে এই সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনিটের সার্বিক মানবিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা শেষে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল কুদ্দুস ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটিতে কমিশনার হিসেবে মোমেন চৌধুরী ও মো. মুছা এবং নির্বাচন কমিশন সচিব ও ইউনিট অফিসার হিসেবে আসশাদুল হায়দার চৌধুরী দায়িত্ব পালন করেন।
নবনির্বাচিত কমিটি
রেড ক্রিসেন্ট ইউনিট সূত্রে জানা যায়, প্যানেল, কণ্ঠভোট ও ব্যালট—এই তিন পদ্ধতির মধ্যে ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারি পদে একটি করে এবং সদস্য পদে ৫টি মনোনয়ন জমা পড়ে।
নির্ধারিত সময়ে একমাত্র পূর্ণাঙ্গ প্যানেলটি জমা হওয়ায় এবং কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্যানেল পদ্ধতিতেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন,তারা হলেন ভাইস চেয়ারম্যান মো. মুজিবুর রশিদ ও সেক্রেটারি দৌলতুল কবির খান সিদ্দিকী।
কার্যনির্বাহী সদস্য: মোহাম্মদ মোজাম্মেল হক, সাবিকুর রহমান, মো. হাবিবুর রহমান ভূঁইয়া, উম্মে কুলসুম সুলতানা লিনা এবং সাংবাদিক মো. আবুল বাশার নয়ন।
প্রধান নির্বাচন কমিশনার আব্দুল কুদ্দুস তার বক্তব্যে বলেন, “রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন। নবনির্বাচিত কমিটিকে শুধু কার্যালয়ের ভেতরে সীমাবদ্ধ না থেকে বান্দরবানের ৭টি উপজেলার ৩৪টি ইউনিয়নের তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবকদের সুসংগঠিত করতে হবে এবং সাধারণ মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখতে হবে।” এ সময় তিনি বিগত দিনে ইউনিটকে এগিয়ে নেওয়ার স্মৃতিচারণ করেন এবং নবনির্বাচিত এই কমিটি আগামী তিন বছর পূর্ণ মেয়াদে কাজ করার সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সাধারণ সম্পাদক দৌলতুল কবির খান সিদ্দিকী সফলভাবে পুরো আয়োজন সম্পন্ন করতে যুব প্রধান ও স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমের কথা স্মরণ করেন। পাশাপাশি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং রেড ক্রিসেন্টের আজীবন সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এই নির্বাচন সম্পন্ন হয়। এর আগে নির্বাচন উপলক্ষে বান্দরবানের তিনটি স্থানীয় পত্রিকায় তফসিল প্রকাশের পাশাপাশি ডাকযোগে ১ হাজার ১৪৮ জন আজীবন সদস্যের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছিল।
অনুষ্ঠান শেষে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিশিষ্টজনেরা।







