যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

৬৬ বছর বয়সে মারা গেলেন আলেক্সান্ডার দারিচেভ, মৃত্যুর কারণ জানায়নি মস্কো।
টুইট প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভের আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি মন্ত্রণালয়।
জ্যেষ্ঠ এই কূটনীতিক পশ্চিমা দেশগুলোর বিভিন্ন নীতির প্রকাশ্য সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। ২০২৫ সালের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। ওয়াশিংটনের সঙ্গে মস্কোর কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যেই তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা দেয় ওয়াশিংটন। একই সঙ্গে রাশিয়ার ওপর একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার নতুন সম্ভাবনা তৈরি হয়। এমন পরিস্থিতিতে দারিচেভের মৃত্যু যুক্তরাষ্ট্রে রাশিয়ার কূটনৈতিক প্রতিনিধিত্বে নতুন পরিস্থিতি তৈরি করতে পারে।
যুক্তরাষ্ট্রে দায়িত্ব নেওয়ার আগে ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন দারিচেভ। পরবর্তী সময়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকাবিষয়ক বিভাগ পরিচালনার দায়িত্বেও ছিলেন তিনি।
সূত্র: সিএনএন






