গুলিবিদ্ধ ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী, অস্ত্রোপচারের পর বিপদমুক্ত

বাজি পোড়ানো নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ, দেয়ালে লেগে ছিটকে আসা গুলি বিদ্ধ করে সৌরভের মাথায়

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত প্রেসিডেন্টস বডিগার্ডের (PBG) সদস্য সৌরভ তোমর দীপাবলির রাতে গুলিবিদ্ধ হয়েছেন। উত্তরপ্রদেশের বাগপত জেলার নিজ গ্রামে বাজি পোড়ানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

মাথায় গুলি বিদ্ধ হওয়ার পর অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তিনি বর্তমানে স্থিতিশীল এবং বিপদমুক্ত।

গত ৮ নভেম্বর রাতে বাগপত জেলার রামালা থানা এলাকার গোপালপুর খদানা গ্রামে এ ঘটনা ঘটে। ছুটিতে বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন করছিলেন সৌরভ। এ সময় বাড়ির বাইরে ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন তিনি।

এ নিয়ে প্রতিবেশী দুই ভাই ধীরজ ও মনু ওরফে প্রবীণের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ধীরজ দেশীয় পিস্তল দিয়ে গুলি চালান বলে অভিযোগ উঠেছে। গুলিটি প্রথমে একটি দেয়ালে লাগে। পরে দেয়ালে আঘাত করে ছিটকে এসে সৌরভের কানের পেছনে মাথায় বিদ্ধ হয়। এ সময় মনু লাঠি দিয়ে সৌরভের ভাই বিনীতকে আঘাত করেন বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার পর পরিবারের সদস্যরা সৌরভকে প্রথমে বারাউত কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। পরে তাঁকে মিরাট মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর মাথা থেকে গুলি বের করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয় তাঁকে।

পুলিশের সর্বশেষ বক্তব্য অনুযায়ী, অস্ত্রোপচারের পর সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল। গুলি দেয়ালে আঘাত করার কারণে এর আঘাতের তীব্রতা কিছুটা কমে গিয়েছিল বলে পুলিশ জানিয়েছে। তাঁর ভাই বিনীতও চিকিৎসাধীন এবং তাঁর অবস্থাও স্থিতিশীল।

পুলিশ জানায়, সৌরভের বাবা জনকরাজের অভিযোগের ভিত্তিতে ধীরজ ও মনুর বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে তিনটি পুলিশ দল গঠন করা হয়েছে। ঘটনার পর থেকে তাঁরা পলাতক রয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, সৌরভ তোমর ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। পরে প্রেসিডেন্টস বডিগার্ডে দায়িত্ব পান। রাষ্ট্রপতি ভবনে কর্মরত এই সেনাসদস্য ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন। তাঁর একটি শিশুসন্তান রয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া।