কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে শাহবাজ শরিফ

তুরস্কে COP31 সম্মেলনে শাহবাজ শরিফকে স্বাগত জানালেন এরদোয়ান ও গুতেরেস।
বিশ্ব ডেস্ক: জাতিসংঘের গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন (COP31)-এর লিডার্স সামিটের ভেন্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
পাকিস্তান সরকারের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আন্তালিয়ার সম্মেলন কেন্দ্রে এসে পৌঁছালে তুরস্কের প্রেসিডেন্ট ও জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা ব্যক্তিগতভাবে তাকে স্বাগত জানান।
তিন দিনের সরকারি সফরে গত সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান পাকিস্তানের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটন উপমন্ত্রী গোখান ইয়াজগি, দেশটিতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত-মনোনীত আমনা বলোচ এবং তুর্কি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলা এই সম্মেলনের মূল আকর্ষণ এই লিডার্স সামিট।
আজ COP31-এর লিডার্স সামিটে গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। ভাষণে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সংকট মোকাবিলায় পাকিস্তানের সুনির্দিষ্ট অগ্রাধিকারগুলো তুলে ধরবেন। তার
আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে; নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত সম্প্রসারণ করা; দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি এবং আগাম সতর্কতা ব্যবস্থা আরও জোরদার করা।
জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলাতে উন্নয়নশীল দেশগুলোর জন্য পর্যাপ্ত, সহজলভ্য ও কার্যকর জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার জোরালো দাবি জানানো।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে পাকিস্তানের জলবায়ু কূটনীতি এবং বিশ্বনেতাদের সাথে শাহবাজ শরিফের এই সাক্ষাৎ দেশটির পরিবেশগত ও কূটনৈতিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।






