ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৮৭৪ হামলা, ১৯০ হুথি হতাহত

স্থল ও আকাশপথে ব্যাপক সামরিক অভিযান; ধ্বংস ১৩০ সামরিক যান ও সরঞ্জাম।
টুইট প্রতিবেদক: ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। ২৪ ঘণ্টায় স্থল ও আকাশপথ মিলিয়ে মোট ৮৭৪টি হামলা পরিচালনার দাবি করেছে সেনাবাহিনী। এসব হামলায় প্রায় ১৯০ জন হুথি কমান্ডার ও যোদ্ধা নিহত অথবা আহত হয়েছেন। একই সঙ্গে ধ্বংস করা হয়েছে বিদ্রোহীদের প্রায় ১৩০টি সামরিক যান ও সরঞ্জাম।
‘অপারেশন ডন অব ইয়েমেন’ বা ‘ইয়েমেনের ভোর’ নামের সামরিক অভিযানের আওতায় রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত এসব হামলা চালানো হয়। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সরকারের অধীন সেনাবাহিনী বিভিন্ন ফ্রন্টে অভিযান পরিচালনা করে।
ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় অভিযানের বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় হুথিদের অবস্থান লক্ষ্য করে ২৯টি বিমান হামলা ও ৩৯টি ড্রোন হামলা চালানো হয়েছে। পাশাপাশি রকেট নিক্ষেপকারী ইউনিট ৬২ বার এবং কামান বাহিনী ৭৪৪ বার গোলাবর্ষণ করেছে। এসব হামলার লক্ষ্য ছিল হুথিদের সামরিক অবস্থান, সৈন্য সমাবেশ, নতুন করে আসা সেনা ও সামরিক সরঞ্জাম।
সামরিক মুখপাত্রের দাবি, অভিযানে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান পুনরুদ্ধার করেছে সরকারি বাহিনী। এসব ফ্রন্টে ‘নেশনস শিল্ড ফোর্সেস’, ‘জায়ান্টস ব্রিগেড’ ও ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স’-এর সদস্যরা অভিযান চালাচ্ছেন।
উত্তরাঞ্চলেও হুথিদের বিরুদ্ধে লড়াই জোরদার করা হয়েছে। বিশেষ করে আল-জওফ ও মারিব এলাকায় বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট। এ ছাড়া আল-বাদা ও তাইজ এলাকাতেও সরকারি বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
তাইজে হুথিদের আক্রমণ প্রতিহত করতে সরকারি বাহিনীকে সহায়তা করছে সশস্ত্র গোষ্ঠী পপুলার রেজিস্ট্যান্স। অন্যদিকে আল-বাদা এলাকায় শাবওয়া ডিফেন্স ফোর্সেসসহ বিভিন্ন সামরিক ইউনিট অভিযান পরিচালনা করছে।
ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে, সামরিক অভিযান পরিচালনার সময় বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
উল্লেখ্য, ইরানের সমর্থনপুষ্ট হুথি বিদ্রোহীদের দমন এবং তাদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানাসহ উত্তর ইয়েমেনের ভূখণ্ড পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে গত ৫ অক্টোবর থেকে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ শুরু করেছে সরকারি বাহিনী।
তবে হতাহত ও সামরিক ক্ষয়ক্ষতির এসব তথ্য এখন পর্যন্ত ইয়েমেনি সেনাবাহিনীর দেওয়া দাবি। স্বাধীনভাবে এসব তথ্য যাচাইয়ের বিষয়টি নিশ্চিত নয়।
সূত্র: আরব নিউজ






