পাকিস্তানের পারমাণবিক প্রকল্পে নতুন মাইলফলক, চশমা-৫-এর ডোম স্থাপন সম্পন্ন

১২০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার প্রকল্পে বড় অগ্রগতি, বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ২০৩০ সালের সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের মিয়ানোয়ালিতে অবস্থিত চশমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পঞ্চম ইউনিট চশমা-৫ (C-5)-এর রিয়্যাক্টর ভবনের কন্টেইনমেন্ট ডোম স্থাপন সম্পন্ন হয়েছে। ১২০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এই প্রকল্পে ডোম স্থাপনকে নির্মাণকাজের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) মিয়ানোয়ালিতে আয়োজিত ডোম স্থাপন অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশটির সেনাপ্রধান ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, চীনা প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন (পিএইসি) প্রকল্পটির ডোম স্থাপনের কাজ সম্পন্ন করেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চীন ও পাকিস্তানের প্রকৌশলী, কারিগরি বিশেষজ্ঞ এবং কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন। নির্ধারিত সময়ের আগেই নির্মাণের এই গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।

প্রকল্পটিতে চীনের তৃতীয় প্রজন্মের আধুনিক পারমাণবিক চুল্লি প্রযুক্তি ‘হুয়ালং ওয়ান’ (Hualong One বা HPR1000) ব্যবহার করা হচ্ছে। পাকিস্তান নিউক্লিয়ার রেগুলেটরি অথরিটির তথ্য অনুযায়ী, এতে সক্রিয় ও নিষ্ক্রিয় নিরাপত্তাব্যবস্থা এবং দ্বিস্তরবিশিষ্ট কন্টেইনমেন্ট কাঠামো রয়েছে।

পাকিস্তানের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং কার্বন নিঃসরণ কমাতে পারমাণবিক বিদ্যুতের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চশমা-৫ প্রকল্প দেশের জন্য পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্পটির নির্মাণকাজ শেষ হলে ২০৩০ সালের সেপ্টেম্বর থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চশমা-৫ প্রকল্পকে দক্ষিণ এশিয়ায় পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণ এবং চীন-পাকিস্তান দীর্ঘমেয়াদি বেসামরিক পারমাণবিক জ্বালানি সহযোগিতার একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তথ্যসূত্র: পাকিস্তানের সরকারি বেতার, পাকিস্তান নিউক্লিয়ার রেগুলেটরি অথরিটি, ডন ও বিজনেস রেকর্ডার।