সাফল্যের পথটা সহজ নয় ইমতিয়াজের, দৃষ্টিশক্তি হারিয়েও স্বপ্নজয়

দুই চোখের দৃষ্টিশক্তি নেই, তবু স্বপ্নজয়; এইচএসসিতে জিপিএ ৪.৫০। জন্মের আট মাসে হারান দৃষ্টিশক্তি, কোরআনের হাফেজ হওয়ার পাশাপাশি দক্ষ অ্যান্ড্রয়েড অ্যাপ ও ব্যাক-এন্ড ডেভেলপার; সাফল্যের পেছনে মায়ের ত্যাগ ও আল-ফারুক ইনস্টিটিউটের সহযোগিতা।

অসীম রায় (অশ্বিনী), বান্দরবান: দুই চোখের দৃষ্টিশক্তি নেই, কিন্তু স্বপ্ন দেখার অদম্য শক্তি রয়েছে। জীবনের শুরুতেই হারিয়েছেন দৃষ্টিশক্তি। এরপরও থেমে থাকেননি। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ ৪.৫০ অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বান্দরবানের তরুণ মোহাম্মদ ইমতিয়াজুল ইসলাম।

বান্দরবান সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে তাঁর এই সাফল্য শুধু শিক্ষাগত অর্জন নয়, বরং অদম্য মনোবল, অধ্যবসায়, আত্মবিশ্বাস ও পারিবারিক ত্যাগের এক অনুপ্রেরণামূলক গল্প।

ইমতিয়াজের জন্মের পর প্রথম কয়েক মাস স্বাভাবিকভাবেই বেড়ে উঠছিলেন তিনি। কিন্তু মাত্র আট মাস বয়সে বিরল এক রোগে আক্রান্ত হওয়ার পর ধীরে ধীরে হারাতে থাকেন দৃষ্টিশক্তি। একপর্যায়ে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করতে হয় তাঁর দুই চোখ। জীবনের শুরুতেই নেমে আসে অন্ধকার। তবে দৃষ্টিশক্তি হারালেও স্বপ্নের কাছে হার মানেননি তিনি। প্রবল ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস ও পড়াশোনার প্রতি গভীর আগ্রহ নিয়ে চালিয়ে যান শিক্ষাজীবন।

শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জনেও সাফল্য দেখিয়েছেন ইমতিয়াজ। অর্জন করেছেন পবিত্র কোরআনের হাফেজ হওয়ার গৌরব। এরপর সাধারণ শিক্ষার ধারাবাহিকতায় এগিয়ে গিয়ে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.৫০ অর্জন করেছেন তিনি।

শ্রুতিলেখক পাওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা

তবে ইমতিয়াজের এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। বিশেষ করে এইচএসসি পরীক্ষার আগে শ্রুতিলেখক পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েন তিনি ও তাঁর পরিবার।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত শ্রুতিলেখক নীতিমালা, অনুমোদন প্রক্রিয়া এবং একই সময়ে অন্যান্য শ্রেণির পরীক্ষা চলমান থাকায় উপযুক্ত শ্রুতিলেখক সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। একদিকে পরীক্ষার প্রস্তুতি, অন্যদিকে শ্রুতিলেখকের অনুমোদন ও ব্যবস্থা করতে শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ—সব মিলিয়ে মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয় তাঁকে।

এমন পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বান্দরবানের আল-ফারুক ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির উদ্যোগ ও সহযোগিতায় শ্রুতিলেখকের ব্যবস্থা হওয়ায় শেষ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান ইমতিয়াজ। তাঁর শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ এই পর্যায়ে প্রতিষ্ঠানটির সহযোগিতা বিশেষ ভূমিকা রাখে।

দৃষ্টিশক্তি নেই, তবু প্রযুক্তির জগতে দক্ষ

শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, প্রযুক্তির জগতেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন ইমতিয়াজ। দৃষ্টিশক্তি না থাকলেও আধুনিক সহায়ক প্রযুক্তি ও স্ক্রিন রিডার সফটওয়্যারের সাহায্যে নিজেকে গড়ে তুলেছেন একজন দক্ষ অ্যান্ড্রয়েড অ্যাপ ও ব্যাক-এন্ড ডেভেলপার হিসেবে।

প্রযুক্তির ব্যবহার করে বিভিন্ন কাজ সম্পাদনের পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সহায়তা এবং প্রকৃতি সংরক্ষণের লক্ষ্যেও তৈরি করেছেন বেশ কয়েকটি মোবাইল অ্যাপ্লিকেশন। তাঁর এই প্রযুক্তিচর্চা প্রমাণ করে, প্রয়োজনীয় সুযোগ, সহায়ক প্রযুক্তি ও উপযুক্ত পরিবেশ পেলে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরাও প্রযুক্তির জগতে দক্ষতার সঙ্গে অবদান রাখতে পারেন।

সাফল্যের পেছনে মায়ের নিরলস ত্যাগ

ইমতিয়াজের এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা তাঁর মা। ছেলের বেড়ে ওঠা থেকে শুরু করে শিক্ষাজীবনের প্রতিটি ধাপে নিরলস পরিশ্রম, ত্যাগ ও সাহস জুগিয়েছেন তিনি। নানা প্রতিকূলতার মধ্যেও ছেলের স্বপ্ন পূরণে পাশে থেকেছেন। মায়ের নিরবচ্ছিন্ন সহযোগিতা, পরিবারের সমর্থন এবং ইমতিয়াজের নিজের অধ্যবসায় তাঁকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।

সহানুভূতি নয়, চান সমান সুযোগ

ইমতিয়াজ মনে করেন, শারীরিক প্রতিবন্ধকতা কখনো মানুষের মেধা, যোগ্যতা কিংবা স্বপ্নপূরণের পথে চূড়ান্ত বাধা হতে পারে না। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শুধু সহানুভূতি নয়, প্রয়োজন সমান সুযোগ, প্রয়োজনীয় সহযোগিতা এবং উপযুক্ত পরিবেশ।

ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি প্রযুক্তির জগতে আরও দক্ষ হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। চোখের দৃষ্টি না থাকলেও জ্ঞান, মেধা ও স্বপ্নের আলোয় নিজের ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলেছেন ইমতিয়াজ।

তাঁর এই অর্জন শুধু একটি পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়; বরং প্রতিকূলতার কাছে হার না মানা, নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখা এবং স্বপ্ন পূরণে নিরন্তর চেষ্টা চালিয়ে যাওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বান্দরবানের এই তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প নতুন প্রজন্মের জন্য হতে পারে অনুপ্রেরণার উৎস।

স্যালুট ইমতিয়াজ, স্যালুট তাঁর মাকে।