মানবাধিকার প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগের তাগিদ

বৈষম্য দূর ও সুশাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান।

টুইট প্রতিবেদক: মানবাধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূর করা এবং সুশাসন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেছেন, ন্যায্যতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রম আরও জোরদার করতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এনজিওবিষয়ক ব্যুরোর সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘সুশীল’ প্রকল্পের সমাপনী উপলক্ষে এ সভার আয়োজন করে সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটি।

বক্তারা বলেন, মানবাধিকারসহ বিভিন্ন ক্ষেত্রে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সেতুবন্ধন প্রয়োজন। পাশাপাশি বিষয়ভিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন নীতিনির্ধারকদের সম্পৃক্ততা বাড়াতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় দুই পক্ষের অংশীদারত্ব আরও শক্তিশালী করা জরুরি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক ও সচিব ড. মোহাম্মদ জকরিয়া। তিনি বলেন, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির ইশতেহারে উল্লেখিত ‘রেইনবো নেশন’ গঠনে এ ধরনের প্রকল্পের পরিধি বাড়ানো হলে জনগণ আরও বেশি উপকৃত হবে।

তিনি আরও বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে প্রকল্পের মাধ্যমে যে সমন্বয় ও সহযোগিতার পরিবেশ তৈরি হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে অর্জিত উদ্যোগগুলো কার্যকরভাবে এগিয়ে নেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আখতার, দৈনিক কালের কণ্ঠের যুগ্ম বার্তা সম্পাদক পার্থ সারথি দাস এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মসূচি কর্মকর্তা নাসিমা খাতুন।

স্বাগত বক্তব্য দেন সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক মো. সেকেন্দার আলী মিনা। বক্তব্য দেন অ্যাকশনএইড বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক মৌসুমী বিশ্বাস।

সুশীল প্রকল্পের চার বছরের কার্যক্রম, অর্জন, অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় তুলে ধরেন সংস্থাটির জেলা সমন্বয়কারী নাসরিন মাহমুদ। এ সময় বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধি ও উন্নয়নকর্মীরা প্রশিক্ষণ, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকারভিত্তিক কার্যক্রম, নীতি সংলাপ এবং পারস্পরিক সহযোগিতার অভিজ্ঞতা বিনিময় করেন।

অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস, সমাজসেবা অধিদপ্তর এবং বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। ঢাকা সিভিল সোসাইটি হাবের সভাপতি মো. আবদুল ওয়াহেদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।