২০২৭ সালে স্কুলে ৭০ দিনের ছুটির প্রস্তাব

রমজান ও ঈদুল ফিতরে সর্বোচ্চ ২৪ দিন বন্ধ; অর্ধবার্ষিক পরীক্ষা ২৪ জুন, বার্ষিক পরীক্ষা ১৮ নভেম্বর থেকে।
টুইট প্রতিবেদক: ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে মোট ৭০ দিন ছুটি রাখার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে আগামী বছরের অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনি ও বার্ষিক পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের তৈরি করা খসড়া শিক্ষাপঞ্জিতে এসব প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।
খসড়া অনুযায়ী, আগামী ১ জানুয়ারি শুরু হয়ে ৩১ ডিসেম্বর শেষ হতে পারে ২০২৭ শিক্ষাবর্ষ। রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে সর্বোচ্চ ২৪ দিন, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ১০ দিন এবং শীতকালীন অবকাশে ১১ দিন ছুটির প্রস্তাব করা হয়েছে।
পরীক্ষার সম্ভাব্য সময়সূচি
প্রস্তাবিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা শুরু হতে পারে ২৪ জুন। চলবে ১১ জুলাই পর্যন্ত। সর্বোচ্চ ১২ কর্মদিবসের মধ্যে পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৭ জুলাই।
নির্বাচনি পরীক্ষা ১৩ অক্টোবর শুরু হয়ে ১ নভেম্বর পর্যন্ত চলতে পারে। এ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১০ নভেম্বর।
অন্যদিকে, বার্ষিক পরীক্ষা ও সামষ্টিক মূল্যায়ন শুরু হওয়ার প্রস্তাব করা হয়েছে ১৮ নভেম্বর। পরীক্ষা শেষ হতে পারে ৫ ডিসেম্বর। ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৯ ডিসেম্বর।
রমজান ও ঈদে ২৪ দিনের ছুটি
২০২৭ সালে সবচেয়ে দীর্ঘ ছুটির প্রস্তাব রাখা হয়েছে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে। খসড়া সূচি অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে মোট ছুটি হবে ২৪ দিন।
এ ছুটির মধ্যে রয়েছে সরস্বতী পূজা, মাঘী পূর্ণিমা, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জুমাতুল বিদা, শিবরাত্রি, শবে কদর ও ঈদুল ফিতর।
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ১৬ থেকে ২৭ মে পর্যন্ত ছুটির প্রস্তাব করা হয়েছে। সাপ্তাহিক ছুটি বাদে এ সময়ে মোট ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে।
এ ছাড়া শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও বড়দিন উপলক্ষ্যে ১৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ছুটির প্রস্তাব রয়েছে। সাপ্তাহিক ছুটি বাদে এ সময় মোট ১১ দিন ছুটি থাকবে।
অন্যান্য ছুটির প্রস্তাব
খসড়া শিক্ষাপঞ্জিতে শবে মেরাজ, শবে বরাত, দোলযাত্রা, ইস্টার সানডে, বৈসাবি, চৈত্রসংক্রান্তি, বাংলা নববর্ষ, আশুরা, আষাঢ়ী পূর্ণিমা, জুলাই গণঅভ্যুত্থান দিবস, ঈদে মিলাদুন্নবী, জন্মাষ্টমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, মধু পূর্ণিমা, মহালয়া ও দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক দিবসে ছুটির প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ৭ নভেম্বর ছুটি এবং প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি হিসেবে আরও দুই দিন রাখার কথা বলা হয়েছে।
পরীক্ষা ও প্রশ্নপত্র নিয়ে নতুন নির্দেশনা
খসড়া শিক্ষাপঞ্জিতে বিদ্যালয়ের নিজস্ব পরীক্ষার প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাবলিক পরীক্ষা ছাড়া অন্য পরীক্ষার প্রশ্নপত্র বাইরের কোনো উৎস থেকে সংগ্রহ করা যাবে না।
বার্ষিক পরীক্ষার উত্তরপত্র অন্তত এক বছর সংরক্ষণ করতে হবে। বিশেষ কারণ ছাড়া পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না। পরিবর্তনের প্রয়োজন হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পূর্বানুমতি নিতে হবে।
এসএসসি চলাকালে অন্য বিদ্যালয়ে ক্লাস চালু
এসএসসি পরীক্ষার সময় যেসব বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে না, সেসব প্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম চালু রাখার প্রস্তাব করা হয়েছে।
একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের পরিদর্শন বা সংবর্ধনার কারণে বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখা যাবে না। সম্মান প্রদর্শনের নামে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোর বিষয়েও নিরুৎসাহিত করা হয়েছে।
ছুটির দিনেও ভর্তি কার্যক্রম বা অন্যান্য পরীক্ষা আয়োজনের প্রয়োজন হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সুযোগ রাখা হয়েছে।
এখনো চূড়ান্ত হয়নি শিক্ষাপঞ্জি
প্রস্তাবিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৭ সালে ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৪ এপ্রিল, ৫ আগস্ট, ৭ নভেম্বর ও ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবস পালনের নির্দেশনা থাকতে পারে। পাশাপাশি সরকারঘোষিত নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণের প্রস্তাবও রয়েছে।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের তৈরি করা শিক্ষাপঞ্জিটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে। চূড়ান্ত অনুমোদনের আগে ছুটির তালিকা, পরীক্ষার সময়সূচি ও অন্যান্য নির্দেশনায় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় উৎসবের তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।






