ইয়াবা উদ্ধারের সূত্রে শ্বশুরবাড়িতে ৩ ককটেল

মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ডিবি পুলিশ।

টুইট প্রতিবেদক: পিরোজপুরে ইয়াবাসহ আটক এক ব্যক্তির শ্বশুরবাড়ি থেকে তিনটি ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাসা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে ঢাকা-পিরোজপুর মহাসড়কের আলামকাঠী এলাকায় নাসির শেখের মুদির দোকানের সামনে অভিযান চালিয়ে মীর সোহাগ (৪১) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। মীর সোহাগকে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করে ইয়াবা পাওয়ার পর তাঁকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শ্বশুর রাজ্জাক হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি করে তিনটি ককটেল ও সেগুলো তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।

পুলিশের দাবি, মীর সোহাগ দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা চলমান রয়েছে।

পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল মাহাবুব জানান, আটক মীর সোহাগ বর্তমানে ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।