নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নারীদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সহযোগিতা; স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে চায় আঙ্কারা।

টুইট প্রতিবেদক: নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা এবং মাতৃস্বাস্থ্যের উন্নয়নে অভিজ্ঞতা বিনিময় করতে চায় দেশটি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সহধর্মিণী ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোয়ান বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ জানিয়েছেন। দলটি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশের প্রতিনিধি দলের অংশগ্রহণের প্রথম দিনেই অনুষ্ঠিত বৈঠকটি ছিল ফলপ্রসূ।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের কারণে নারী ও শিশুদের স্বাস্থ্যগত ও সামাজিক ঝুঁকি, নারীর ক্ষমতায়ন এবং দুই দেশের সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে।

শামা ওবায়েদের ভাষ্য অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা মোকাবিলায় বাংলাদেশের জনগণের সক্ষমতা ও সহনশীলতার প্রশংসা করেছেন এমিনে এরদোয়ান। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং পরিবেশবান্ধব উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে আগ্রহ
বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্য আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

বিশেষ করে প্লাস্টিকের বিকল্প হিসেবে পচনশীল পণ্যের ব্যবহার বাড়ানো এবং তুরস্কসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের রপ্তানি সম্প্রসারণে আগ্রহ দেখিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি।

বৈঠকে ডা. জুবাইদা রহমান বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারী ও শিশুদের ওপর সৃষ্ট বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি সম্পর্কেও তাঁকে অবহিত করেন।

এসব উদ্যোগের প্রশংসা করে এমিনে এরদোয়ান বলেন, জ্বালানি উৎপাদন, পাটজাত পণ্যের ব্যবহার ও রপ্তানি, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।

রোহিঙ্গা সংকটেও সহযোগিতার আশ্বাস
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে। ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার সময় এমিনে এরদোয়ান বাংলাদেশ ও কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন।

শামা ওবায়েদ বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে তুরস্ক। রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হচ্ছে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। তবে প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করা এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন এমিনে এরদোয়ান।

বিশেষজ্ঞ দল কাজ করবে মাতৃস্বাস্থ্য উন্নয়নে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের নারীরা প্রতিনিয়ত নানা স্বাস্থ্যগত ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।

অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি এবং নারীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়গুলোও বৈঠকে তুলে ধরেন ডা. জুবাইদা রহমান।
এসব সমস্যা মোকাবিলায় তুরস্কের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময় করতে চান এমিনে এরদোয়ান। এ লক্ষ্যে একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠানোর আগ্রহ জানিয়েছেন তিনি। দলটি বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। বিশেষ করে প্রান্তিক নারীদের স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে।

এদিকে বৈঠকে ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ২০১৭ সালের বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে এমিনে এরদোয়ানও আবার বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। সুবিধাজনক সময়ে শিগগিরই বাংলাদেশ সফরের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বাংলাদেশ ও তুরস্কের এই আলোচনায় নারীস্বাস্থ্য, জলবায়ু সহনশীলতা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব অর্থনীতিতে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।