কৌশলগত সম্পর্কে নতুন উচ্চতায় বাংলাদেশ-তুরস্ক

প্রতিরক্ষা শিল্প, জ্বালানি ও বাণিজ্যে যৌথ বিনিয়োগের আলোচনা; রোহিঙ্গা প্রত্যাবাসনেও একসঙ্গে কাজ করতে আগ্রহী দুই দেশ।
টুইট: প্রতিবেদক বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদারের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তুরস্কের আন্তালিয়ায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল এবং প্রতিরক্ষা শিল্পসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা এবং এ খাতে তুরস্কের বিনিয়োগ ও যৌথ উদ্যোগের সম্ভাবনা বিশেষ গুরুত্ব পেয়েছে। বাংলাদেশ সরকার দেশে একটি প্রতিরক্ষা শিল্প পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি। বিষয়টি প্রাথমিক আলোচনা ও অনুসন্ধানের পর্যায়ে রয়েছে।
হুমায়ুন কবীর জানান, জ্বালানি খাতে গভীর সমুদ্রে খনিজ ও জ্বালানি অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি এবং তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি বিমান চলাচল খাতে বিনিয়োগ ও বাণিজ্যিক অংশীদারত্ব বাড়ানোর সম্ভাবনা নিয়েও দুই পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।
বৈঠকের পরিবেশ সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রেসিডেন্ট এরদোয়ানের আলোচনা অত্যন্ত আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ সময় এরদোয়ান প্রধানমন্ত্রীকে ‘আমার মূল্যবান বন্ধু ও ভাই’ বলে সম্বোধন করেন এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উচ্চতায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
রোহিঙ্গা প্রত্যাবাসনে যৌথ উদ্যোগ
বৈঠকে রোহিঙ্গা সংকটের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। নিজ দেশে রোহিঙ্গাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ ও তুরস্ক একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছে।
বিশেষ করে চলতি নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা ইস্যুতে শুনানির পর কীভাবে যৌথ উদ্যোগ এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে দুই নেতা মতবিনিময় করেছেন।
এ ছাড়া মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিও আলোচনায় উঠে আসে।
জলবায়ু অর্থায়নে বাংলাদেশের ভূমিকা
জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জলবায়ু অর্থায়নের ক্ষেত্রেও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভূমিকা তুলে ধরেন হুমায়ুন কবীর। তিনি বলেন, বাংলাদেশ শুধু জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ নয়, বরং জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন সহজলভ্য করার দাবিতেও সক্রিয় ভূমিকা রাখছে।
কপ-৩১ সম্মেলনের বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা ও অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেবেন। সেখানে জলবায়ু অভিযোজন, অর্থায়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তাঁর সহধর্মিণীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) প্রধানমন্ত্রীর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কর্মসূচি রয়েছে।
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফর করছেন। সফরের প্রথম দিনেই তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর এই গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।






