রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

মহাখালী, শেখেরটেক ও শিল্পাঞ্চলে পৃথক বিস্ফোরণ; কোনো হতাহতের খবর নেই।

টুইট প্রতিবেদক: রাজধানীর বনানী, আদাবর ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে এসব বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টা ৫৫ মিনিটের দিকে আদাবর থানার শেখেরটেকের ৯ নম্বর সড়কে ওয়ালটন প্লাজার সামনে প্রথম বিস্ফোরণ ঘটে।

এরপর রাত ১১টার কিছু আগে বনানী থানার আওতাধীন মহাখালী বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন।

অন্যদিকে, রাত সাড়ে ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআর এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনের সামনেও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায়ও কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

এদিকে, একই রাতে শেরেবাংলা নগর থানার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানীর একাধিক এলাকায় একই রাতে বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।