টাঙ্গাইলের সাব-রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত

ভূয়াপুরের রায়হান হাবিবের বিরুদ্ধে বিভাগীয় মামলা; তদন্তের স্বার্থে রাষ্ট্রপতির আদেশে ব্যবস্থা।
টুইট প্রতিবেদক: দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মো. রায়হান হাবিবকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, রায়হান হাবিবের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ (১) এবং সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (১) ধারা অনুযায়ী বিভাগীয় মামলা করা হয়েছে।
অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় সুষ্ঠু তদন্ত এবং মামলার নিষ্পত্তি নিশ্চিত করতে বিভাগীয় কার্যক্রম চলাকালে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সাময়িক বরখাস্তের সময় রায়হান হাবিব নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন। এ সময় বিধি অনুযায়ী তিনি খোরাকি ভাতাসহ অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা পাবেন।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
উল্লেখ্য, রায়হান হাবিব এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি টাঙ্গাইলের ভূয়াপুরে কর্মরত ছিলেন।






