বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দক্ষতা বাড়াতে ইউজিসির প্রশিক্ষণ

১০ দিনের আয়োজনে অংশ নিচ্ছেন ৬০ অধ্যাপক ও সহযোগী অধ্যাপক, গুরুত্ব পাচ্ছে যৌথ গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা।

টুইট ডেস্ক: দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এর অংশ হিসেবে বগুড়ায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ইউজিসির উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ শুরু হয়। প্রথম দুই ব্যাচে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬০ জন অধ্যাপক ও সহযোগী অধ্যাপক এতে অংশ নিচ্ছেন।

প্রশিক্ষণের উদ্বোধন করেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে পেশাগত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়বে। পাশাপাশি যৌথ গবেষণা এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

তিনি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে কাজে লাগানোর পাশাপাশি নবীন শিক্ষকদের পেশাগত উন্নয়নেও ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক। বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং অ্যাকাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক ও প্রশিক্ষণ কোর্সের পরিচালক ড. মো. আবিদ হোসেন মৃধা এবং পরিচালক মো. দেলোয়ার হোসাইন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রকল্প ও একাডেমির কর্মকর্তা, পরামর্শক, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

উচ্চশিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, গবেষণার পরিবেশ তৈরি এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠায় এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।