মালিবাগে ককটেল বিস্ফোরণে কিশোর আহত

দুর্বৃত্তদের ছোড়া ককটেলে দগ্ধ ৮ শতাংশ, শরীরে স্প্লিন্টারের আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন
টুইট প্রতিবেদক: রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে আদর আলী (১৭) নামে এক কিশোর আহত হয়েছে। বিস্ফোরণে তার শরীরের প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারের আঘাত লেগেছে।
সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মালিবাগ চৌধুরীপাড়ায় গাজী মোটরসের পাশের সড়কে এ ঘটনা ঘটে। ওই সময় আদর হেঁটে যাচ্ছিল। পরে মঙ্গলবার ভোর ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।
আদর আলী ২০২৬ সালে বাড্ডার আলতাবর নিসা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার বাবা উজ্জ্বল চৌধুরী। গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলার কুন্দিয়ালপাড়া এলাকায়। বর্তমানে সে দক্ষিণ বাড্ডার খ/৪৪ নম্বর বাসায় নানাবাড়িতে থাকে।
আদরের বাবা জানান, বিস্ফোরণে আহত হওয়ার পর স্বজনেরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
বর্তমানে আদর হাসপাতালের বার্ন ইউনিটের পর্যবেক্ষণ কক্ষে চিকিৎসাধীন রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, রামপুরা থানার চৌধুরীপাড়া এলাকা থেকে ককটেলের আঘাতে আহত ওই কিশোরকে হাসপাতালে আনা হয়। পরে তাকে বার্ন ইউনিটে পাঠানো হয়। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, বিস্ফোরণে তার শরীরের প্রায় ৮ শতাংশ দগ্ধ হয়েছে।






