সমবায়ীদের বাদ দিয়েই সমবায় দিবস উদযাপন, তারাগঞ্জে তীব্র ক্ষোভ

নির্বাচিত কয়েকজনকে নিয়ে দায়সারা আয়োজনের অভিযোগ, সমবায়ীদের ‘নিম্ন শ্রেণি’ বলে কটাক্ষের অভিযোগ; প্রশ্নের মুখে সমবায় দপ্তরের ভূমিকা।
নিজস্ব প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর): সমবায়ীদের অধিকার, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়ার দিন জাতীয় সমবায় দিবস। রংপুরের তারাগঞ্জে সেই সমবায়ীদেরই বড় একটি অংশকে বাইরে রেখে দিবসটি উদযাপনের অভিযোগ উঠেছে।
উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হলেও সাধারণ সমবায়ীদের অংশগ্রহণ ছিল সীমিত। ফলে দিবসটির আয়োজন কতটা সমবায়ীবান্ধব ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সমবায়ীরা।
রবিবার (৮ নভেম্বর) ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলার অধিকাংশ সমবায়ীকে আমন্ত্রণ বা সম্পৃক্ত করা হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। তাঁদের দাবি, উপজেলা সমবায় কর্মকর্তা শামসুন্নাহার নিজের পছন্দ অনুযায়ী নির্দিষ্ট কয়েকজনকে আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। এতে বহু সমবায়ী দিবসটির আয়োজন সম্পর্কে জানতেই পারেননি। যাঁদের সংগঠন ও অংশগ্রহণের মধ্য দিয়ে সমবায় আন্দোলন এগিয়ে যাওয়ার কথা, তাঁদের বাদ দিয়েই দিবস উদযাপনের এমন আয়োজনকে দায়সারা বলে মন্তব্য করেছেন ক্ষুব্ধ সমবায়ীরা।
সমবায়ীদের অভিযোগ, উপজেলা সমবায় কর্মকর্তা হিসেবে শামসুন্নাহার যোগদানের পর থেকে দাপ্তরিক কার্যক্রমে নানা অনিয়ম ও বৈষম্যের ঘটনা ঘটছে। তাঁদের দাবি, কিছু সমবায়ীর সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখা হলেও অন্যদের সঙ্গে করা হচ্ছে ভিন্ন আচরণ। নিয়মিত অফিসে উপস্থিত না থাকা এবং দাপ্তরিক কাজে অনিয়মের অভিযোগও তুলেছেন তাঁরা। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত দাবি করেছেন স্থানীয় সমবায়ীরা।
ক্ষুব্ধ সমবায়ীদের আরও অভিযোগ, তাঁদের সঙ্গে আচরণে শ্রেণিগত অবজ্ঞার প্রকাশ ঘটেছে। সাধারণ সমবায়ীদের ‘নিম্ন শ্রেণি’ হিসেবে কটাক্ষ করার অভিযোগও সামনে এসেছে। তাঁদের প্রশ্ন, যে সমবায়ীদের শ্রম, সঞ্চয় ও অংশগ্রহণে সমবায় সংগঠনগুলো টিকে আছে, তাঁদেরই যদি মর্যাদা না দেওয়া হয়, তাহলে সমবায় দিবস পালনের তাৎপর্য কোথায়।
সমবায়ীদের বক্তব্য, জাতীয় সমবায় দিবস কোনো কর্মকর্তা বা নির্দিষ্ট কয়েকজন আমন্ত্রিত ব্যক্তির আনুষ্ঠানিকতা নয়; এটি দেশের সব সমবায়ীর সম্মিলিত অংশগ্রহণ, অধিকার ও মর্যাদার প্রতীক। সেখানে সাধারণ সমবায়ীদের বাদ দিয়ে আয়োজন করা হলে দিবসটির মূল চেতনা কতটা বাস্তবায়িত হলো, সেই প্রশ্ন এড়ানোর সুযোগ নেই।
এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা শামসুন্নাহার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনাদের যা খুশি রিপোর্ট করেন, তাতে আমার কিছু যায় আসে না।” তাঁর এ মন্তব্যও সাংবাদিকদের প্রতি অবজ্ঞাসূচক আচরণ হিসেবে সমালোচিত হচ্ছে।
একদিকে সমবায়ীদের বাদ দিয়ে দিবস উদযাপনের অভিযোগ, অন্যদিকে তাঁদের মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগ—সব মিলিয়ে তারাগঞ্জ উপজেলা সমবায় দপ্তরের ভূমিকা নিয়ে অসন্তোষ বাড়ছে। এখন প্রশ্ন, সমবায়ীদের অংশগ্রহণ ও মর্যাদা নিশ্চিত না করে কেবল আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যেই কি জাতীয় সমবায় দিবস সীমাবদ্ধ থাকবে, নাকি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে জবাবদিহি নিশ্চিত করা হবে।






