পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

সর্বোচ্চ গ্রেডে ৪৮ হাজার ও শিক্ষানবিশ শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব; মালিকপক্ষকে চার কর্মদিবসের সময় দিল মজুরি বোর্ড

টুইট ডেস্ক: তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় এ প্রস্তাব জমা দেওয়া হয়। তবে নতুন মজুরি কাঠামো নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সভা শেষে শ্রমিক প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার জানান, বর্তমান বাজারদর, চিকিৎসা ব্যয় ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে সর্বোচ্চ গ্রেডের মজুরি ৪৮ হাজার টাকা এবং নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাবও রয়েছে।

অন্যদিকে, সভায় মালিকপক্ষ কোনো মজুরি প্রস্তাব জমা দিতে পারেনি। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম শামসুদ্দিন জানান, শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও কারখানার পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত থাকায় তাঁরা প্রস্তাব প্রস্তুত করতে পারেননি। এ কারণে আরও সাত কর্মদিবস সময় চাওয়া হয়েছিল।

তবে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি মালিকপক্ষকে আগামী চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তাব জমা না দিলে বোর্ড নিজস্ব বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

উল্লেখ্য, বর্তমানে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের শেষ দিকে সর্বশেষ মজুরি কাঠামো ঘোষণা করা হয়েছিল। শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে।

শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাব পর্যালোচনা করে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করবে বোর্ড।