লামায় গ্রীন হিলের স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০২ জন

২২৫ জন রোগীকে চিকিৎসা ও ওষুধ, ৭৭ গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা; ৪৮ মায়ের হাতে বেবি কিট
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় বন্যাদুর্গত ও দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মোবাইল স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীন হিল। এ কর্মসূচিতে ২২৫ জন সাধারণ রোগীকে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। পাশাপাশি ৭৭ জন গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা এবং ৪৮ জন মায়ের মধ্যে বেবি কিট বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) উপজেলার সরই ইউনিয়নের ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহযোগিতায় এবং বান্দরবান পার্বত্য জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করে গ্রীন হিল।
ক্যাম্পে চিকিৎসাসেবা দেন লামা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (সিএইচএফপি) ডা. বাপ্পি মারমা।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনএফপিএর ফিল্ড অফিসার মো. লুৎফুর রহমান খান। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের বিনামূল্যের মোবাইল স্বাস্থ্যসেবা ক্যাম্পের মাধ্যমে দুর্গম ও বন্যাদুর্গত এলাকার মানুষ সহজে চিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছেন। গর্ভবতী মায়েদের মাতৃস্বাস্থ্য নিশ্চিত করা এবং মা ও শিশুর সুরক্ষায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্বাস্থ্যসেবা কার্যক্রমে আরও অংশ নেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এমেথিন মারমা, পরিবার কল্যাণ পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী, এসএমসিএইচএসডি প্রকল্পের প্রোগ্রাম অফিসার, মনিটরিং অ্যান্ড রিপোর্টিং কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি মো. আবুল হোসেন, গ্রীন হিলের স্বেচ্ছাসেবক এবং পরিবার পরিকল্পনা বিভাগের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।
আয়োজকরা জানান, বন্যাদুর্গত ও দুর্গম এলাকার মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, গর্ভবতী মায়েদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং মা ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।






