শিল্পাঞ্চলে নিরাপত্তায় ১০ প্লাটুন আনসার মোতায়েন

শ্রমিক অসন্তোষ ঘিরে সহিংসতা ঠেকাতে গাজীপুরে ৬ ও নারায়ণগঞ্জে ৪ প্লাটুন সদস্য দায়িত্বে
নিজস্ব প্রতিবেদক: শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে ছয় এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ ও ৬ নভেম্বর থেকে শুরু হওয়া বিশেষ নিরাপত্তা কার্যক্রমের আওতায় এ সদস্যদের মোতায়েন করা হয়েছে। গাজীপুরের ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে নারায়ণগঞ্জের চাষাড়া, ফতুল্লা, বিসিক ও কাঁচপুর এলাকায় চার প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। তাঁরা জনসাধারণের জানমালের সুরক্ষা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ১০ জন কোম্পানি কমান্ডার ও সার্কেল অ্যাডজুটেন্ট মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গণী এবং সংশ্লিষ্ট দুই জেলার জেলা কমান্ড্যান্টরা সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন।
এ ছাড়া গোয়েন্দা ইউনিট ও স্থানীয় আনসার-ভিডিপির স্বেচ্ছাসেবী সদস্যরাও তথ্য সরবরাহ এবং পরিস্থিতি মোকাবিলায় নিয়োজিত রয়েছেন।
আনসার বাহিনীর দাবি, তাদের নিরাপত্তা কার্যক্রমের ফলে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম সচল রয়েছে এবং শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন।






