রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে কূটনৈতিক তৎপরতা

জাতীয় কৌশল প্রণয়নে কমিটি গঠন, নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদার
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সংকট সমাধান এবং প্রত্যাবাসনের পথ তৈরি করতে মিয়ানমার সরকারের পাশাপাশি দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গেও আলোচনা করছে বাংলাদেশ। এ সংকট মোকাবিলায় জাতীয় কৌশল প্রণয়নের জন্য সরকার একটি কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর সিআইআরডিএপি মিলনায়তনে আয়োজিত এক জাতীয় নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, রোহিঙ্গা সংকট একটি রাজনৈতিক সমস্যা। এ সংকট সমাধানে প্রচলিত কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি মিয়ানমারের অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষের সঙ্গেও যোগাযোগ রাখা প্রয়োজন। এ কারণে বাংলাদেশ সরকার মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে এবং আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ স্থাপন করে কথা বলছে।
তিনি জানান, রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতীয় কৌশল প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সংকটের টেকসই সমাধানে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরার ওপরও জোর দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে ১৩ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক এই জনগোষ্ঠীর উপস্থিতিতে স্থানীয় জনগোষ্ঠী, অর্থনীতি ও নিরাপত্তার ওপর চাপ বাড়ছে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের সঙ্গে কার্যকরভাবে সম্পৃক্ত করতে হবে, যাতে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও সম্মানজনক প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়।
তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক আলোচনায় ধরে রাখা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে দেশের রাজনৈতিক শক্তি, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারক, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। তাঁরা রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ, জাতীয় ঐকমত্য এবং আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।






