কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনে বক্তব্য দেবেন তারেক রহমান; এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা

টুইট ডেস্ক: বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

তিনি জানান, ১০ থেকে ১২ নভেম্বর প্রধানমন্ত্রী সরকারি সফরে তুরস্কে অবস্থান করবেন। এ সময় আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি দুটি পৃথক পর্বে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠক। পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও প্রধানমন্ত্রীর একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, এবারের সম্মেলনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষয়ক্ষতির জন্য কার্যকর সহায়তা নিশ্চিত করার দাবি জোরালোভাবে উপস্থাপন করবে।

পরিবেশবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। ফলে জলবায়ু ন্যায্যতা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষায় বাংলাদেশের অবস্থান এবারের সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে।

উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) অধীনে আয়োজিত কপ-৩১ সম্মেলন সোমবার (৯ নভেম্বর) তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় শুরু হয়েছে। সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন সম্প্রসারণ, মিথেন গ্যাসের নিঃসরণ হ্রাস, জ্বালানির দক্ষ ব্যবহার বৃদ্ধি এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে।