খুলনায় মেয়ের খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ শিক্ষা কর্মকর্তার হিসাবরক্ষক

লক্ষ্যভ্রষ্ট গুলিতে আহত ৫৯ বছর বয়সী মশিউর রহমান, ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ।

টুইট প্রতিবেদক: খুলনায় মেয়ের জন্য খাবার কিনতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছেন মশিউর রহমান (৫৯) নামে এক সরকারি কর্মকর্তা। তিনি রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাতে নগরীর মিয়াপাড়া এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে তিনি মিয়াপাড়া থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে হাসানের চায়ের দোকানের সামনে পৌঁছালে তিনজন ব্যক্তিকে দেখতে পান। এ সময় দুর্বৃত্তরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলিটি তাঁর বাম পাঁজরের নিচে লাগে।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কারা এবং কী উদ্দেশ্যে গুলি চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।