ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে জরুরি বৈঠকে ইউজিসি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পদ্ধতি ও সমন্বিত পরীক্ষা নিয়ে হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
টুইট প্রতিবেদক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার (৯ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ইউজিসি সূত্রে জানা গেছে, কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে ইউজিসির সভাকক্ষে এ বৈঠক হবে। এতে কমিশনের সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা অংশ নেবেন।
বৈঠকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান ভর্তি প্রক্রিয়া এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।
বিশেষ করে ভর্তি পরীক্ষা গ্রহণের পদ্ধতি এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। ফলে এবারের ভর্তি প্রক্রিয়ায় নতুন কোনো সিদ্ধান্ত আসে কি না, সেদিকে নজর থাকছে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের।
বৈঠক শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ গণমাধ্যমকর্মীদের সামনে আলোচনার বিষয়বস্তু, ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা, গৃহীত সিদ্ধান্ত এবং পরবর্তী করণীয় তুলে ধরবেন।
আগামীকাল দুপুর সাড়ে ১২টায় ইউজিসির ষষ্ঠ তলার সভাকক্ষে এ সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।






