স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে গণঅধিকার পরিষদ: নুর

জামায়াতের সঙ্গে জোট নিয়ে এনসিপির তরুণ নেতাদের উদ্দেশে বক্তব্য, প্রগতিশীল রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর।

টুইট ডেস্ক:আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে গণঅধিকার পরিষদ এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শুক্রবার (৬ নভেম্বর) গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

নুরুল হক নুর বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন অতীতের মতো ভোট ডাকাতি, ব্যালট ও কেন্দ্র দখলের নির্বাচন হবে না। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তাঁর মতে, স্থানীয় সরকার নির্বাচন নেতৃত্ব বিকাশের অন্যতম বড় ক্ষেত্র। এ নির্বাচনে গণঅধিকার পরিষদ এককভাবেই অংশ নেবে।

বক্তব্যে জামায়াতে ইসলামীর সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলেও জামায়াতের মতো উগ্রবাদী শক্তি বাংলাদেশকে ভারতের মতো একটি উগ্র রাষ্ট্রে পরিণত করতে চায়।

তিনি আরও বলেন, ডিসেম্বরের কথা বলে যারা জনগণকে বিভ্রান্ত করছে, তাদের সেই প্রচেষ্টা সফল হবে না। নব্য ফ্যাসিবাদ ফিরিয়ে আনার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের উদ্দেশে নুরুল হক নুর বলেন, বাংলাদেশের মানুষ তাদের সুযোগ দেবে। জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতা থেকে বেরিয়ে এসে প্রগতিশীল চিন্তার রাজনীতিতে যুক্ত হওয়ার জন্য তিনি এনসিপির নেতাদের প্রতি আহ্বান জানান।

এনসিপি থেকে কয়েকজন তরুণ নেতার সরে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, জামায়াতের সঙ্গে জোট করার কারণে দলটির প্রগতিশীল তরুণ নেতৃত্বের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এরই মধ্যে সামান্তা শারমিন ও তাসনিম জারাসহ অনেকে এনসিপি থেকে সরে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।