HSC ২০২৬-এ কোয়ান্টাম কসমো কলেজের ইতিহাস! চট্টগ্রাম বোর্ডে টপ ২০০-তে ৮ জন

বান্দরবানের পাহাড়ি জনপদ থেকে অসাধারণ সাফল্য; মানবিক বিভাগে বোর্ডের শীর্ষ ২০০-তে ৮ জন, দেশসেরা ৯০তম নেং আও খুমী!

বান্দরবান প্রতিনিধি: প্রতিকূলতা, আর্থিক সংকট আর সীমিত সুযোগ—কোনো কিছুই যে মেধার অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারে না, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বান্দরবানের কোয়ান্টাম কসমো কলেজ। এইচএসসি ২০২৬ পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মানবিক বিভাগের শীর্ষ ২০০ মেধাতালিকায় কলেজটির আট শিক্ষার্থী স্থান করে নিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মেধাতালিকায় নবম স্থান অর্জন করেছে ফাল্গুনী পাহান। তার প্রাপ্ত নম্বর ১১২৩। দশম স্থান অর্জনকারী নেং আও খুমী পেয়েছে ১১২১ নম্বর। এ ছাড়া ৩৪তম উআং সিং মারমা (১০৯৫), ৪২তম উক্যা সাই মারমা (১০৮৬), ৫৫তম আবু রাইহান আল-ওয়ানি (১০৮০), ৬০তম হুমায়রা খানম হাবিবা (১০৭৭), ৭৩তম মো. নাফিজুর রহমান (১০৭০) এবং ৯৯তম মো. জুবায়ের হোসেন (১০৬০)।

আট শিক্ষার্থীর এই সাফল্যের মধ্যে বিশেষভাবে আলোচনায় এসেছে নেং আও খুমীর জীবনসংগ্রাম। তার পরিবারের সবাই জুমচাষি। প্রায় চার বছর ধরে তার বাবা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। পরিবারের আর্থিক সংকট ও নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে গিয়ে ১২০০ নম্বরের মধ্যে ১১২১ নম্বর অর্জন করেছে সে। প্রাপ্ত তথ্যমতে, সারা দেশে তার অবস্থান ৯০তম এবং চট্টগ্রাম বোর্ডে দশম।

পাহাড়ের প্রত্যন্ত জনপদ থেকে উঠে এসে নেং আও খুমীর এই অর্জন শুধু তার পরিবারের নয়, বান্দরবানের শিক্ষাঙ্গনের জন্যও অনুপ্রেরণার গল্প। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে বড় সাফল্য অর্জন সম্ভব—তার ফলাফল যেন সেই বার্তাই দিচ্ছে।

একই কলেজ থেকে মানবিক বিভাগে আট শিক্ষার্থীর বোর্ডের শীর্ষ ২০০-তে স্থান করে নেওয়াকে শিক্ষা সংশ্লিষ্টদের কাছে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে। এ সাফল্যে শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের শিক্ষক, অভিভাবক এবং কলেজ কর্তৃপক্ষের অবদানও গুরুত্বপূর্ণ।

কোয়ান্টাম কসমো কলেজের এই আট কৃতী শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় শুভানুধ্যায়ীরা। তাঁদের প্রত্যাশা, এই সাফল্য পাহাড়ের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত আরও অনেক শিক্ষার্থীকে উচ্চশিক্ষার স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়নে অনুপ্রাণিত করবে।

প্রতিবেদক: অসীম রায় (অশ্বিনী), বান্দরবান।