৮২ বছরেও দাবার বোর্ডে অপ্রতিরোধ্য রাণী হামিদ

জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে ছয় রাউন্ড শেষে ৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে কিংবদন্তি এই দাবাড়ু; পেছনে রয়েছেন ওয়াদিফা ও ওয়ারসিয়া।

টুইট প্রতিবেদক: বয়স ৮২ বছর। অথচ দাবার বোর্ডে এখনো নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু রাণী হামিদ। অভিজ্ঞতা, মনোযোগ ও ধারাবাহিক পারফরম্যান্সের স্বাক্ষর রেখে বার্জার ৪৪তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে এককভাবে শীর্ষস্থান দখলে রেখেছেন তিনি।

প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ড শেষে ৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছেন বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদ। আসরের শুরু থেকেই কখনো এককভাবে, কখনো যৌথভাবে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি।

৪ দশমিক ৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন বাংলাদেশ আনসারের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী।

অন্যদিকে ৩ দশমিক ৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন বাংলাদেশ আনসারের নুশরাত জাহান আলো ও এসএসপিএল স্পোর্টিং ক্লাবের জিন্নাত আক্তার শাহনাজ।

ষষ্ঠ রাউন্ডে রাণী হামিদ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবার সঙ্গে ড্র করেন। কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স কৌশলে খেলতে নেমে ৬৬ চালের লড়াই শেষে পয়েন্ট ভাগাভাগি করেন তিনি।

এ রাউন্ডে ওয়াদিফা আহমেদ নুশরাত জাহান আলোর সঙ্গে ড্র করেন। তবে ওয়ারসিয়া খুশবু মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভাকে পরাজিত করেন। নীলাভা চৌধুরী হারান গাইবান্ধার সানজিদা শাকিবকে। বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ পরাজিত করেন জিন্নাত আক্তার শাহনাজকে।

এ ছাড়া বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন কুমিল্লার নুশরাত জাহান লিজাকে হারান। গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম খন্দকার অনিকা মাওলার সঙ্গে ড্র করেন।

আগামীকাল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার সপ্তম রাউন্ডের খেলা। সেখানে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য থাকবে ৮২ বছর বয়সী রাণী হামিদের।