চার বলে চার উইকেট, রেকর্ড গড়লেন ভারতীয় স্পিনার

টানা চার বলে চার উইকেট নিয়ে নারী ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ভারতের ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনার বৈষ্ণভি শর্মা। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৬ উইকেট শিকার করে নজর কেড়েছেন এই তরুণ ক্রিকেটার।

টুইট প্রতিবেদক: ভারতের নারী ক্রিকেটে আলোচনায় উঠে এসেছেন তরুণ স্পিনার বৈষ্ণভি শর্মা। অন্ধ্রপ্রদেশের বিপক্ষে মধ্যপ্রদেশের হয়ে দুর্দান্ত বোলিং করে চার বলে চার উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছেন তিনি।

ভারতের উইমেনস সিনিয়র টি-টোয়েন্টি ট্রফির ম্যাচে তাঁর এমন পারফরম্যান্স জায়গা করে নিয়েছে রেকর্ডের পাতায়। ২০ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার পুরো ম্যাচে ৪ ওভার বোলিং করে মাত্র ২২ রান খরচায় ৬টি উইকেট নেন।

নিজের প্রথম তিন ওভারে ১৬ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন তিনি। ইনিংসের ১৯তম ওভারে আবার বোলিংয়ে ফিরে শুরুতে ৬ রান দেন বৈষ্ণভি। তবে এরপরই বদলে যায় ম্যাচের চিত্র।

টানা তিন বলে তিন ব্যাটারকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ওভারের শেষ বলেও উইকেট নিয়ে চার বলে চার উইকেটের অবিশ্বাস্য কীর্তি গড়েন। টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে ভারতের হুমায়রা কাজী এই কীর্তি গড়েছিলেন। ২০২২ সালে মুম্বাইয়ের হয়ে সৌরাষ্ট্রের বিপক্ষে চার বলে চার উইকেট নিয়েছিলেন তিনি। ফলে এই সংস্করণে এমন কৃতিত্ব অর্জনকারী দ্বিতীয় বোলার হলেন বৈষ্ণভি।

আন্তর্জাতিক ক্রিকেটেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ স্পিনার। গত বছরের ডিসেম্বরে ভারতের হয়ে অভিষেকের পর পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে ওভারপ্রতি ৬ দশমিক ২৬ রান দিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন তিনি।

গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজে দুই ম্যাচে শিকার করেছেন ৯ উইকেট। এর আগে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ইতিহাস গড়েছিলেন বৈষ্ণভি। ২০২৫ সালে মালয়েশিয়ার বিপক্ষে চার ওভারে মাত্র ৫ রান দিয়ে পাঁচ উইকেট নেন তিনি। ওই আসরে ১৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারিও হন এই ভারতীয় স্পিনার।

এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে এক ইনিংসে ৫০ রানে ৮ উইকেট এবং পুরো ম্যাচে ১২৮ রানে ১৪ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর। ধারাবাহিক এমন পারফরম্যান্সে ভারতীয় নারী ক্রিকেটের সম্ভাবনাময় স্পিনার হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করছেন