নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি

দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান
টুইট ডেস্ক: নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ, পিপিএম।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নওগাঁ জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত বার্ষিক প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন তিনি। এ সময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ডিআইজি। তিনি দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশের প্রতিটি কর্মকাণ্ডে মানবিকতা, দায়িত্বশীলতা এবং সেবার মানসিকতা থাকতে হবে। জনসাধারণের আস্থা অর্জন ও জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
পরে ডিআইজি নওগাঁ জেলা পুলিশের রিজার্ভ অফিসের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। এ সময় দাপ্তরিক কার্যক্রম, নথিপত্র, রেজিস্টার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পর্যালোচনা করেন। পাশাপাশি স্বচ্ছতা, শৃঙ্খলা, গতিশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র: নওগাঁ জেলা পুলিশ






