গাজায় ইসরায়েলের গুলি ও বিমান হামলা, নিহত ৪

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গুলি ও বিমান হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ এসব হামলায় ১২ বছর বয়সী এক শিশুসহ চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

টুইট প্রতিবেদক: বৃহস্পতিবার (৫ নভেম্বর) গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থা সিভিল ডিফেন্স।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে জানান, মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি সেনাদের গুলিতে ১২ বছর বয়সী এক শিশু নিহত হয়। একই এলাকার কাছাকাছি আল-জাওয়াদা শহরে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান আরও দুজন।

আল-আকসা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত তিনজনকেই হাসপাতালে নেওয়া হয়েছিল। অন্যদিকে, দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক নারী নিহত হয়েছেন।

এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামাসের সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে খান ইউনিসে এক নারী নিহত হওয়ার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। হামাসের দাবি, ইসরায়েলি বাহিনী নিয়মিত যুদ্ধবিরতি ভঙ্গ করছে। অন্যদিকে, ইসরায়েলের দাবি, হামাস চুক্তির শর্ত মানছে না।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার ৬০০ জন নিহত হয়েছেন। ফলে যুদ্ধবিরতি সত্ত্বেও উপত্যকাটিতে বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে

সূত্র: এএফপি