শাহরুখকে বিজেপি নেতার হুঁশিয়ারি, ‘কিং’ নিয়ে বিতর্ক

দীপিকা পাড়ুকোনের গেরুয়া পোশাক নিয়ে আপত্তি জানিয়ে দৃশ্য পরিবর্তনের দাবি বিজেপি বিধায়কের। তা না হলে দেশজুড়ে বিক্ষোভের হুমকি দিয়েছেন তিনি।

টুইট প্রতিবেদক: বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে। সিনেমাটির প্রথম গান ‘তু মিল যায়ে’-তে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের গেরুয়া পোশাক নিয়ে আপত্তি তুলেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক বিধায়ক। এ ঘটনায় শাহরুখ খানকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা রবীন্দ্র সিং নেগি।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের বরাতে জানা গেছে, গানের একটি দৃশ্যে দীপিকার গেরুয়া রঙের পোশাক পরাকে সনাতন ধর্মের অবমাননা হিসেবে দেখছেন নেগি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি শাহরুখ খানকে ‘জিহাদি’ আখ্যা দিয়েছেন এবং বিতর্কিত দৃশ্যটি বাদ দেওয়ার দাবি জানিয়েছেন।

নেগির হুঁশিয়ারি, দৃশ্যটি পরিবর্তন না করলে ভারতজুড়ে বিক্ষোভ গড়ে তোলা হবে। তাঁর অভিযোগ, শাহরুখ খান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতে অর্থ উপার্জন করলেও দেশের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছেন।

বিজেপির এই বিধায়ক আরও দাবি করেন, দীপিকা পাড়ুকোনকে সামনে রেখে পরিকল্পিতভাবে এমন দৃশ্য রাখা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সনাতন ধর্মে বিশ্বাসীদের পোশাকের রং নিয়ে এমন উপস্থাপন গ্রহণযোগ্য নয়।

এর আগে ২০২৩ সালে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানে দীপিকাকে গেরুয়া রঙের বিকিনি পরতে দেখা গিয়েছিল। সে সময়ও পোশাকের রং নিয়ে ভারতের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন প্রতিবাদ জানিয়েছিল। নেগি এবারও একই ধরনের প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছেন।

তবে এ বিতর্ক নিয়ে এখন পর্যন্ত সিনেমাটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ, শাহরুখ খান কিংবা দীপিকা পাড়ুকোনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খান। আরও রয়েছেন অভিষেক বচ্চন, রানি মুখার্জি, কারিনা কাপুর, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, জয়দীপ আহলাওয়াত ও ববি দেওলের মতো তারকারা।
আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।