বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়া ‘কোপ সাউথ-২০২৬’ সমাপ্ত

পাঁচ দিনের মহড়ায় অংশ নেন দুই দেশের ১৩৮ সামরিক সদস্য, গুরুত্ব পায় সি-১৩০ বিমান পরিচালনা ও বিমানঘাঁটির নিরাপত্তা।

নিজস্ব প্রতি‌নি‌ধি: বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের (পিএসিএএফ) অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী যৌথ বিমান মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ সফলভাবে সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকারে মহড়ার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি। বক্তব্যে তিনি যৌথ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধান কর্নেল হেনরি ই. প্লাগরাডটও মহড়ার বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য দেন।

মহড়ায় সি-১৩০জে ও সি-১৩০বি পরিবহন বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, বিমান চলাচলের নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ উপকরণ ব্যবস্থাপনা, বিমানসংক্রান্ত চিকিৎসা, আকাশপথে মালামাল পরিবহন, বিমানঘাঁটির নিরাপত্তা এবং দুর্ঘটনা-পরবর্তী অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।

এতে বাংলাদেশ বিমান বাহিনীর ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জনসহ মোট ১৩৮ জন সামরিক সদস্য অংশ নেন।

যৌথ এ মহড়ার মাধ্যমে দুই দেশের বিমান বাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা, পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত কার্যক্রম পরিচালনার সক্ষমতা আরও জোরদার হয়েছে।
সূত্র: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)