বান্দরবানের রাজার মাঠে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী আয়োজন

ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ, শিশু-কিশোরদের খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান
বান্দরবান প্রতিনিধি: দেশব্যাপী ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে এ আয়োজনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা এবং পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) সজীব কান্তি রৌদ্র, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি মো. রেজাউল করিম এবং বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা হীরা মনি।
উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে রাজার মাঠে অনুষ্ঠিত কাবাডি খেলা উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় সরকারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা, তাদের দক্ষতা বিকাশ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি এবং শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে বান্দরবান জেলার ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের এ আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। কাবাডি, ফুটবল, দৌড়সহ পছন্দের খেলায় অংশ নিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ রয়েছে তাদের।
স্কুল, অভিভাবক ও ক্রীড়া সংগঠকদের নিজ নিজ এলাকার প্রতিভাবান শিশুদের খুঁজে বের করে বান্দরবান জেলা ক্রীড়া কার্যালয়ে নাম পাঠানোর আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে বান্দরবান থেকেও উঠে আসবে আগামী দিনের জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিভা।






