অনলি ফ্যানসে তিন মাসে ৩ কোটি টাকা আয় ৫৭ বছরের অভিনেত্রীর

‘বেওয়াচ’খ্যাত মার্কিন অভিনেত্রী এরিকা এলেনিয়াকের দাবি, নতুন এই মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ ও নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ হয়েছে।
টুইট প্রতিবেদক: অনলি ফ্যানসে তিন মাসে ৩ কোটি টাকা আয় ৫৭ বছরের অভিনেত্রীর
‘বেওয়াচ’খ্যাত মার্কিন অভিনেত্রী এরিকা এলেনিয়াক মাত্র তিন মাসে সাবস্ক্রিপশনভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম অনলি ফ্যানস থেকে প্রায় ৩ লাখ ডলার আয় করেছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ কোটি টাকার বেশি। ৫৭ বছর বয়সী এই অভিনেত্রীর এমন আয়ের খবর নতুন করে আলোচনায় এনেছে তাকে।
আন্তর্জাতিক বিনোদন সংবাদমাধ্যম টিএমজেডের তথ্য অনুযায়ী, গত আগস্টে অনলি ফ্যানসে অ্যাকাউন্ট খোলেন এরিকা। শুরুতে প্রতি সপ্তাহে প্রায় ১০ হাজার ডলার আয় করলেও বর্তমানে তার উপার্জন আরও বেড়েছে। এভাবে আয় অব্যাহত থাকলে প্রথম বছরেই তার মোট আয় ১০ লাখ ডলারে পৌঁছাতে পারে।
ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে অনলি ফ্যানসে যুক্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন এই অভিনেত্রী। তিনি জানান, প্রথমে প্ল্যাটফর্মটিতে যুক্ত হওয়ার বিষয়টি তার কাছে খুব একটা স্বস্তিকর মনে হয়নি। তবে এখন বিষয়টি বেশ উপভোগ করছেন।
এরিকার ভাষ্য, এই মাধ্যমে যুক্ত হয়ে আশির দশক থেকে তার অভিনয়জীবন অনুসরণ করা ভক্তদের সঙ্গে নতুন করে যোগাযোগের সুযোগ হয়েছে। একই সঙ্গে ভক্তদের ভালোবাসা, প্রশংসা ও সমর্থন তাকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে।
টিএমজেডের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, অনলি ফ্যানসে এরিকার গ্রাহকসংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়েছে। ভক্তদের কাছ থেকে পাওয়া ইতিবাচক সাড়ায় তিনি নিজেও বিস্মিত।
অভিনেত্রী জানান, শুরুতে ভক্তদের সঙ্গে যোগাযোগের একটি মজার মাধ্যম হিসেবেই প্ল্যাটফর্মটিতে যুক্ত হওয়ার কথা ভেবেছিলেন। তবে সময়ের সঙ্গে এটি তার কাছে আরও অর্থবহ হয়ে উঠেছে।
‘বেওয়াচ’ সিরিজে সাঁতারের পোশাকে অভিনয়ের সময় নিজের চেহারা ও শরীর নিয়ে অস্বস্তিতে ভুগতেন এরিকা। তবে বর্তমানে নিজের শরীর নিয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানিয়েছেন তিনি।
অনলি ফ্যানসকে অনেকে প্রাপ্তবয়স্কদের কনটেন্টের মাধ্যম হিসেবে দেখলেও এরিকা মনে করেন, প্ল্যাটফর্মটির পরিচিতি বদলাচ্ছে। তার মতে, এটি এখন অনেকটা আধুনিক ভক্তকেন্দ্রিক যোগাযোগমাধ্যমের মতো, যেখানে নির্মাতারা সরাসরি অনুসারীদের সঙ্গে যুক্ত হতে পারেন।
নিজের তৈরি ছবি ও কনটেন্ট কীভাবে প্রকাশ করবেন, সেই সিদ্ধান্ত নিজের হাতে থাকাকেও ইতিবাচকভাবে দেখছেন এই অভিনেত্রী। বিশেষ করে বিনোদন অঙ্গনের নারীদের নিজেদের কনটেন্টের ওপর নিয়ন্ত্রণ থাকা জরুরি বলে মনে করেন তিনি।
অনলি ফ্যানসে যুক্ত হওয়ার পর নেতিবাচক প্রতিক্রিয়ার মুখেও খুব বেশি পড়তে হয়নি তাকে। বরং ভক্তদের উৎসাহ ও উষ্ণ অভ্যর্থনাই তার অভিজ্ঞতাকে আনন্দময় করে তুলেছে।






