মোশাররফ করিমকে নিয়ে ‘১৬৮০’ বানাচ্ছেন ফারুকী?

‘৪২০’ ও ‘৮৪০’-এর সাফল্যের পর নতুন কিস্তির ইঙ্গিত নির্মাতার; সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের পর দর্শকদের মধ্যে আলোচনা।
টুইট প্রতিবেদক: দেশের দর্শকপ্রিয় রাজনৈতিক ব্যঙ্গাত্মক ধারাবাহিক ‘৪২০’ ও এর পরবর্তী কিস্তি ‘৮৪০’-এর পর এবার নতুন চমক নিয়ে হাজির হতে পারেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে সঙ্গে নিয়ে ‘১৬৮০’ নামে নতুন একটি কাজের পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে নতুন প্রকল্পটি ধারাবাহিক নাকি চলচ্চিত্র, তা এখনো নিশ্চিত করেননি নির্মাতা।
রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মোশাররফ করিমের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন ফারুকী। ছবিটি প্রকাশের পর থেকেই নতুন কাজ নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়। ছবির সঙ্গে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘৪২০ হইছে। ৮৪০ও ডান। টাইম ফর ১৬৮০? সম্মানিত গাইজ?’
ফারুকীর এই মন্তব্যের পর ধারণা করা হচ্ছে, ‘৪২০’ ও ‘৮৪০’-এর ধারাবাহিকতায় এবার ‘১৬৮০’ নিয়ে কাজ করতে যাচ্ছেন তিনি। এতে মোশাররফ করিমের যুক্ত থাকার সম্ভাবনাও দেখছেন দর্শকেরা।
নতুন প্রকল্পের বিষয়ে জানতে চাইলে রহস্য বজায় রেখেছেন নির্মাতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ফেসবুকে যতটুকু লিখেছি, ওটাই। এর চেয়ে বেশি আমি এখনই বলতে চাচ্ছি না।’
উল্লেখ্য, ২০০৭ সালে প্রচারিত ‘৪২০’ ধারাবাহিকটি রাজনৈতিক ব্যঙ্গ ও হাস্যরসাত্মক গল্পের কারণে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। দুই চোরের ঢাকায় এসে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ার গল্পে এতে অভিনয় করেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ, সোহেল খান ও মারজুক রাসেলসহ অনেকে।
এর দীর্ঘ ১৭ বছর পর ২০২৪ সালে মুক্তি পায় এর পরবর্তী কিস্তি ‘৮৪০’। ক্ষমতাচ্যুত নেতাদের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্রেও অভিনয় করেন নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল ও জাকিয়া বারী মমসহ একঝাঁক অভিনয়শিল্পী।
এবার ‘১৬৮০’ নিয়ে ফারুকীর ইঙ্গিতের পর নতুন গল্প ও অভিনয়শিল্পীদের অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। তবে প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এর নির্মাণ ও মুক্তি নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।






